গৃহকর্মী নিজেই হত্যা করেন গৃহকর্ত্রীকে
রাজধানীর বনানীতে গৃহকর্ত্রী নাসরিন আক্তারকে (৫৫) হত্যার কথা স্বীকার করেছেন গৃহকর্মী লিজা ওরফে অঞ্জলী। তিনি দাবি করেন, টাকা-পয়সার লোভ নয়, নাসরিনের নির্দয় আচরণে ক্ষুব্ধ হয়েই তাঁকে হত্যা করেন তিনি।গত মঙ্গলবার ভোরে লিজাকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার তাঁকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গত সোমবার সন্ধ্যায় বনানীর ২৭ নম্বর সড়কের ৭ নম্বর বাসার দোতলার ফ্ল্যাট থেকে নাসরিনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটিতে লিজাকে নিয়ে থাকতেন নাসরিন। তাঁর স্বামী চিকিৎসক শামস চৌধুরী প্রবাসী। তাঁর দুই ছেলেমেয়ে আলাদা থাকেন।মহানগর ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। আদিবাসী তরুণী লিজাই তাঁর গৃহকর্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন।লিজা সাংবাদিকদের বলেন, নাসরিন প্রায়ই তাঁকে বকাঝকা করতেন। মাঝেমধ্যে মারধরও করতেন। গত রোববার সকালে তিনি গৃহকর্ত্রীর গায়ে লোশন লাগাচ্ছিলেন। ভালোভাবে লোশন লাগানো হয়নি অজুহাত তুলে তিনি তাঁর বুকে লাথি মারেন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গৃহকর্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। লিজা দাবি করেন, রোববার সন্ধ্যায় তিনি কালাচাঁদপুর থেকে ১০০ টাকার বাংলা মদ কিনে এনে পান করেন। এ সময় গৃহকর্ত্রী বাসায় ছিলেন না। রাত ১১টার দিকে তিনি নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরেই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ফল কাটার ছুরি দিয়ে তাঁকে জবাই করেন তিনি। এরপর সকাল পর্যন্ত বাসায় হাঁটাহাঁটি করে সময় কাটান। সকাল সাড়ে সাতটার দিকে গৃহকর্ত্রীর দুটি মোবাইল ফোন নিয়ে দরজায় তালা দিয়ে তিনি পালিয়ে যান।লিজা দাবি করেন, ওই বাসায় আরও তিন তরুণী কাজ করতেন। নাসরিনের দুর্ব্যবহারের কারণে তাঁরা তিন মাস আগে চলে যান।