রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেছেন, বিদেশে কাজ করতে গিয়ে বাংলাদেশের অনেক নারী যেমন নির্যাতিত হচ্ছেন, তেমনি দেশেও গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছেন। এই নির্যাতন বন্ধ করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদটি অনুসমর্থন ও বাস্তবায়ন করা উচিত বাংলাদেশের। একইভাবে গৃহকর্মী নেওয়া দেশগুলোকেও এ ব্যাপারে চাপ দিতে হবে।
‘নারী গৃহকর্মীদের সুরক্ষায় আইএলও সনদ ১৮৯’ নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে। অভিবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব দ্য রাইটস অব বাংলাদেশি মাইগ্র্যান্টস (ওয়ারবি), গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) ২০১৬ সামনে রেখে গঠিত বাংলাদেশের নাগরিক সমাজ এবং এডব্লিউ ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, যে প্রবাসী শ্রমিকেরা দেশে এত কষ্ট করে অর্থ পাঠাচ্ছেন, তাঁদের নির্যাতনের খবর আসলেই বেদনাদায়ক। সরকার অভিবাসী নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে কাজ করছে। এ জন্য প্রশিক্ষণের মান বাড়ানো, যাচাই-বাছাই করে গৃহকর্মী পাঠানোসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারের সভাপতি জিএফএমডির ২০১৬ সমন্বয় কমিটির বাংলাদেশের নাগরিক সমাজের চেয়ারম্যান রামরুর নির্বাহী পরিচালক সি আর আবরার বলেন, নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধে আইএলওর ১৮৯ সনদ কোনোভাবেই বাংলাদেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। কাজেই এটি বাস্তবায়ন করা উচিত। আর বিদেশে যেমন গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধে সোচ্চার হতে হবে, তেমনি দেশের ভেতরেও গৃহকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।
মূল প্রবন্ধে আইএলওর জাতীয় কর্মসূচি কর্মকর্তা রেহনুমা সালাম খান বলেন, বিশ্বে অভিবাসী গৃহকর্মীদের ৭৫ শতাংশই নারী। এই অভিবাসী নারীসহ সব গৃহকর্মীর অধিকারের জন্য আইএলও সনদ। এতে তাঁদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু মাত্র ২২টি দেশ এটি অনুসমর্থন করেছে।
সেমিনারে বিদেশফেরত তিন নারীকর্মী তাঁদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। বক্তব্য দেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইশরাত শামীম, মানুষের জন্য ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়াত বিনতে ইসলাম, বায়রার যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী, ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, পরিচালক জাসিয়া খাতুন, মহাসচিব ফারুক আহমেদ, তথ্য কর্মকর্তা জেসমিন আক্তার, বেসরকারি সংস্থা চেঞ্জ মেকার্সের সভাপতি তানভীর সিদ্দিকী ও জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরশিদা আক্তার।