গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্রই অভিযান
গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্রই গৃহকর্মীবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত গৃহকর্মীবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলের প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি গৃহকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। অনেক গৃহকর্মী সামান্য ভুলত্রুটির কারণে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। সরকার কোনোক্রমেই এসব অন্যায়-অমানবিক আচরণ সহ্য করবে না। এ জন্য কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি বাস্তবায়নের বিষয়ে সবাইকে অবহিত করতে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেলের শাখা কমিটি করা হবে। শ্রম আইন অনুযায়ী, ১২ বছরের নিচে কোনো শিশুকে কোনো অবস্থাতেই কোনো কাজে লাগানোর সুযোগ নেই। তবে ১২-১৮ বছরের শিশুকে ঝুঁকিপূর্ণ নয়—এমন হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে।
প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ ইসরাফিল আলম, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রমুখ।