গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সূত্রাপুরে চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরে গৃহকর্মী ও তাঁর মাকে নির্যাতনের অভিযোগে গতকাল রোববার বিকেলে চারজনকে আটক করেছে পুলিশ। সূত্রাপুর থানার পুলিশ জানায়, স্বর্ণালংকার চুরির অভিযোগ এনে গৃহকর্মী আসমা (১৬) ও তার মা সালমাকে নির্যাতন করা হয়েছে।আটক চার ব্যক্তি হলেন ১৫/২ পাঁচ ভাই ঘাট লেনের ভাড়াটে হারুনুর রশীদ, তাঁর স্ত্রী রানু, ছেলে শাহেদ ও শাহেদের স্ত্রী মিতু। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসমা মুদি ব্যবসায়ী হারুনুর রশীদের বাসায় গৃহকর্মীর কাজ করত। ২৭ আগস্ট হারুনের পুত্রবধূ মিতুর কিছু স্বর্ণালংকার খোয়া যায়। ওই স্বর্ণালংকার চুরির অভিযোগে বাসার লোকজন আসমাকে বেশ মারধর করে। একপর্যায়ে আসমার মা সালমাকে উত্তরা থেকে ডেকে এনে মেয়ের পাশাপাশি তাঁকেও মারধর করা হয়। দুজনকে লাঠি ও বেল্ট দিয়ে বেদম পেটানো হয়। সালমার পাসহ শরীরের বিভিন্ন স্থানে রডের খোঁচা দেওয়া হয়েছে। সালমা উত্তরায় কাজ করেন।ওসি আরও বলেন, গতকাল বিকেল তিনটার দিকে মা-মেয়ে সূত্রাপুর থানায় মামলা করতে আসেন। তাঁদের বর্ণনা শুনে মামলার আগেই পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।