গৃহকর্মী নিয়োগে বাংলাদেশিদের প্রাধান্য সৌদিতে
সৌদি আরবের পরিবারগুলো গৃহকর্মী নিয়োগে বাংলাদেশিদের প্রাধান্য দিচ্ছে। এর কারণ, ফিলিপাইন ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ থেকে কম পারিশ্রমিকে পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত গৃহকর্মী তারা পাচ্ছে। খবর খালিজ টাইমসের।
মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিয়োগ কমিটির চেয়ারম্যান হামিদ আল-বালেহশি বলেন, বেশির ভাগ সৌদি নাগরিক বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিয়োগ-প্রক্রিয়া সহজ করার জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশে ৯৪টি কার্যালয় খুলেছে। নিয়োগ-প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিটি কার্যালয়ে দুই থেকে তিনজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
পারিশ্রমিকে ব্যাপক পার্থক্যের কারণে সৌদি আরবের অনেক পরিবার ফিলিপাইন ও শ্রীলঙ্কার গৃহকর্মী নিয়োগ দিতে চায় না। বাজার বিশ্লেষকেরা বলছেন, গৃহকর্মী নিয়োগের ব্যাপারে সৌদি পরিবারগুলোর বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার পেছনে কমপক্ষে আটটি কারণ রয়েছে। একজন বিশ্লেষক বলেন, সৌদি আরবে পাঠানোর আগে বাংলাদেশ গৃহকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে থাকে। তারা নিয়োগ ব্যয় ৮ হাজার রিয়াল ও মাসিক বেতন ৮০০ রিয়ালে নামিয়ে এনেছে। অপর দিকে ফিলিপাইন ও শ্রীলঙ্কা থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে এই ব্যয় যথাক্রমে ১৬ হাজার ও ২০ হাজার রিয়াল।’
হামিদ আল-বালেহশি বলেন, ‘গৃহকর্মী নিয়োগের ব্যাপারে চলতি সপ্তাহে আমরা যতগুলো আবেদন গ্রহণ করেছি, তার সবগুলোতেই বাংলাদেশের গৃহকর্মী চাওয়া হয়েছে। সৌদি আরবে পাঠানোর আগে বাংলাদেশ যাতে গৃহকর্মীদের প্রশিক্ষণ দেয়, এ ব্যাপারে আমরা জোর দিচ্ছি।’