গৃহকর্মী রিতা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী রিতা বেগম (২৫) হত্যার বিচার দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গত সোমবার পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের সামনে রিতার লাশ পাওয়া যায়। ওই ভবনের অষ্টম তলায় অতিরিক্ত পুলিশ সুপার কুতুবউদ্দীনের বাসায় চার মাস ধরে কাজ করতেন রিতা। কুতুবউদ্দীন বর্তমানে জতিসংঘ শান্তি মিশনে দেশের বাইরে কর্মরত রয়েছেন। এই মৃত্যুকে কেন্দ্র করে সোমবার ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, গৃহকর্ত্রী সোনিয়া আক্তারকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। ওসি জানান, নিহত রিতার বাবা নেই। মা অসুস্থ। তাঁর এক খালা এসেছেন। তবে তিনিও (খালা) কোনো মামলা করেননি। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর ব্যবস্থা নেবে পুলিশ।
পুলিশ জানায়, রিতার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে মেয়েটি আত্মহত্যা করেছে না তাঁকে ফেলে দেওয়া হয়েছে, ওই চিহ্ন থেকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না।
এদিকে গতকাল ঢাকা মেডিকেলের মর্গে রিতার ময়নাতদন্ত শেষ হয়েছে। মৃতদেহটির শরীরে কিছু পুরোনো আঘাতের চিহ্ন রয়েছে। এগুলো আগের মারধরের চিহ্ন। তবে সেগুলো মৃত্যুর কারণ হওয়ার মতো নয়। এদিকে এই মৃত্যুকে হত্যা উল্লেখ করে এর বিচার দাবিতে গতকাল বিকেলে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি ও বাসদ। মিছিলে কিছু এলাকাবাসীও যোগ দেন। বিকেল চারটার দিকে পূর্ব শেওড়াপাড়ার ওই বাসার (যে বাসায় মেয়েটি কাজ করতেন) সামনে মিছিলটি শেষ হয়। সেখানে বাসদের শ্রমিক ফ্রন্টের সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির নেতা ডা. সাজেদুল হক রুবেল, খান আসাদুজ্জামান মাসুম, বাসদের শম্পা বসু প্রমুখ। সমাবেশে বক্তারা ‘রিতা হত্যা’র বিচার দাবি করেন।
সমাবেশের পর সিপিবির নেতা এবং ওই এলাকার বাসিন্দা খান আসাদুজ্জামান মাসুম প্রথম আলোকে বলেন, ওই বাড়িটির আশপাশে কর্মরত নির্মাণশ্রমিকেরা প্রথমে মেয়েটির লাশ দেখতে পান। নির্মাণশ্রমিকেরা বলেছেন, মেয়েটি ওই বাড়ির ছাদ থেকে পড়েছেন। ওই বাসায় রক্তের দাগও পাওয়া গেছে বলে এলাকায় কথা রয়েছে। এখন গৃহকর্ত্রী বলেছেন, নিহত রিতা জানালা দিয়ে লাফ দিয়েছেন। কিন্তু লাফ দেওয়ার মতো জানালা ওই বাড়িতে নেই। সুনির্দিষ্ট করে বলা যায়, মেয়েটিকে নির্যাতন করে পরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ কর্মকর্তার স্ত্রী হওয়ায় পুলিশ গৃহকর্ত্রীকে অন্যায্য সুযোগ দিচ্ছে। হত্যাকে আত্মহত্যা প্রমাণের চেষ্টা চালাচ্ছে।