গৃহকর্মী শিশুকে শ্বাসরোধ করে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় গত মঙ্গলবার সকালে শিশু গৃহকর্মী শিল্পী আক্তারকে (৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে গৃহকর্তা এন্টি এক্সপোর্ট নিটওয়্যার লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক শামীম হোসেন ও তাঁর স্ত্রী মিনারা খাতুন পলাতক। তারা পূর্ব চান্দরা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহকর্তা শামীম ও মিনারা তাঁদের বাসার গৃহকর্মী শিল্পীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ কথা শুনে কান্নায় ভেঙে পড়েন শামীম ও মিনারা। টাকা আনার কথা বলে হাসপাতাল থেকে চলে যান তাঁরা। এর পর তাঁরা আর ফিরে আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। পুলিশ শিল্পীর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে গতকাল বুধবার মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান গৃহকর্তা শামীম ও তাঁর স্ত্রী মিনারাকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেছেন। সফিপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন জানান, শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে গৃহকর্তা শামীমের বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর রক্তের দাগ পাওয়া গেছে। শামীম ও মিনারাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।