গৃহকর্মী সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন, জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় শিশু আইনের মামলায় গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমিকে জামিন দিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন এই মামলায় সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং তার জামিন মঞ্জুর করেন৷
আদালত আগামী ৫ জুন এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন৷ একই সঙ্গে আদালত ২৬ মে সুমির মা-বাবার উপস্থিতিতে জামিননামা দাখিলের আদেশ দেন৷
ওই হত্যার ঘটনায় করা শিশু আইনের মামলায় গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল৷ এই মামলার আসামি সুমির জামিন ও মামলা থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন জানান তার আইনজীবীরা৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার৷ আসামিপক্ষে ছিলেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং রাজধানী মানবাধিকার সংগঠনের আইনজীবীরা৷ সুমি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চায়৷ শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন এবং সুমির জামিন মঞ্জুর করেন৷
এর আগে ৬ মে মহানগর দায়রা জজ আদালত ওই ঘটনায় দেওয়া পৃথক মামলায় মাহফুজুর-স্বপ্না দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমান এবং তাঁর বন্ধু আসাদুজ্জামান ও মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন৷ একই ঘটনায় সুমির বিরুদ্ধে শিশু আইনে অভিযোগপত্র দেওয়া হয়৷ সুমির বিরুদ্ধে মামলার বিচার নিষ্পত্তি করতে ওই দিন মামলাটি প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়৷
গত ৯ মার্চ মাহফুজুর-স্বপ্না দম্পতিকে হত্যা মামলায় ঐশীসহ তিনজন এবং সুমির বিরুদ্ধে শিশু অাইনে আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ৷ পরদিন পল্টন মডেল থানায় আত্মসমর্পণ করেন ঐশী ও সুমি৷