গৃহকর্মী সুরক্ষায় সরকারের নতুন নীতিমালা

গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণে এ-সংক্রান্ত নীতিমালা গতকাল সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকার বলছে, এর ফলে গৃহকর্ম শ্রম হিসেবে স্বীকৃতি পাবে এবং শ্রম আইন অনুযায়ী গৃহকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম গৃহশ্রমিকদের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করল।
নীতিমালা অনুযায়ী, দেশের গৃহকর্মীরা সবেতনে ১৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাবেন, যা গৃহকর্তাকে দিতে হবে। গৃহশ্রমিকদের সহায়তার জন্য হেল্পলাইন চালু করবে সরকার। এ ছাড়া কোনো গৃহকর্মী যৌন হয়রানি ও নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করলে সরকারকে সেই মামলা পরিচালনার খরচ দিতে হবে।
এদিকে নীতিমালাটি বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয়ের অধীন একটি তদারকি সেল থাকবে। কোনো গৃহকর্মী বঞ্চনা বা নির্যাতনের শিকার হলে মনিটরিং সেল, মানবাধিকার ও শ্রমিক সংগঠনের কাছে টেলিফোনে, মৌখিক বা লিখিতভাবে অভিযোগ করতে পারবেন।
সচিবালয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, এই নীতিমালার আলোকে পরে আইন করা হবে।
নীতিমালায় বলা হয়েছে, গৃহকর্মীকে চাকরি থেকে অপসারণ করতে হলে এক মাস আগে তা জানাতে হবে। গৃহকর্মীও যদি চাকরি ছাড়তে চান, তবে নিয়োগকারীকে তা এক মাস আগে জানাতে হবে। তাৎক্ষণিকভাবে গৃহকর্মীকে চাকরি থেকে বাদ দিলে এক মাসের মজুরি দেওয়ার বিধান করা হয়েছে।
পূর্ণকালীন গৃহকর্মী নিয়োগ দিয়ে তাঁর ছবিসহ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বলা হয়েছে। নীতিমালায় আরও বলা হয়েছে, গৃহকর্মী অপরাধ করলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে, তবে নিয়োগকারী নিজে তাঁকে শারীরিক বা মানসিক শাস্তি দিতে পারবেন না।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, গৃহকর্মীর বয়স ন্যূনতম ১৪ বছর হতে হবে। তবে তাকে হালকা কাজ করাতে হবে। এ ছাড়া ১২ বছর বয়সের কাউকে গৃহকর্মী হিসেবে রাখতে হলে তার আইনানুগ অভিভাবকের সঙ্গে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতিতে নিয়োগকারীকে আলোচনা করতে হবে। সে ক্ষেত্রে ওই শিশুর স্বাস্থ্য যাতে বিপজ্জনক না হয় এবং শিক্ষা গ্রহণে যাতে বিঘ্ন না ঘটে, তা বিবেচনায় নিতে হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক গৃহীত গৃহকর্ম-সম্পর্কিত কনভেনশন ১৮৯ অনুসমর্থনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই নীতিমালা অনুমোদন করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠক সূত্র জানায়, একজন মন্ত্রী বৈঠকে গৃহশ্রমিকের বেতন কত হবে, তা নির্ধারণের প্রস্তাব করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজা করে বলেন, কত বেতন হবে, তা বাসায় গিয়ে জেনে নেন। প্রধানমন্ত্রী আরও বলেন, নীতিমালা হওয়ায় গৃহশ্রমিক রাখতে পরিবারের খরচ কিছুটা বেড়ে যাবে। কিন্তু খরচের বিষয়টি লাঘব হবে, যদি নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি হয়। এ ক্ষেত্রে তিনি বিশ্বের অন্যান্য দেশের কথা উল্লেখ করেন।
তবে গৃহশ্রমিকদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সূত্রে জানা যায়, এটা নীতিমালা হলেও অন্য নীতিমালা থেকে আলাদা। কারণ, এই নীতিমালা প্রয়োগযোগ্য, যা আইনে পরিণত হলে এর ভিত্তি আরও বেশি মজবুত হবে।
জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) অ্যাডভোকেসি কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গৃহশ্রমিকদের জন্য কিছুই ছিল না। এই নীতিমালা তাঁদের অধিকার প্রতিষ্ঠায় মাইলফলক, যার ভিত্তিতে আইনের দাবি জোরদার হবে।
ওই নীতিমালায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক গৃহকর্মীকে নিয়োগ করতে হলে আলোচনা, সমঝোতা ও ঐকমত্যের পর তৃতীয় পক্ষের উপস্থিতিতে আলোচনা বাঞ্ছনীয়। গৃহকর্মীদের শ্রমঘণ্টা এবং বেতন আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। নীতিমালায় গৃহকর্মীদের বিশ্রামের পাশাপাশি বিনোদনের সময় দেওয়ারও নির্দেশনা রয়েছে।
গৃহশ্রমিক নিয়োগের চুক্তিতে আটটি বিষয় উল্লেখ করতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে নিয়োগের ধরন, তারিখ, মজুরি, বিশ্রামের সময় ও ছুটি, কাজের ধরন, গৃহকর্মীর থাকা-খাওয়া, পোশাকপরিচ্ছদ ও শারীরিক পরিচ্ছন্নতা এবং গৃহকর্মীর বাধ্যবাধকতা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে কতজন গৃহকর্মী রয়েছে, সেই তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। তবে অনুমান করা হয়, এ সংখ্যা এখন ২০ লাখের বেশি। ২০১০ সালের লেবার ফোর্স সার্ভে অনুযায়ী দেশে গৃহশ্রমিকের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ।
নীতিমালাটি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, গৃহশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নীতিটি যুগান্তকারী পদক্ষেপ। এর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে কর্মরত চরম অবহেলিত ও অধিকারবঞ্চিত বিপুলসংখ্যক গৃহশ্রমিকের আইনগত সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে গৃহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ, দৈহিক বা মানসিক নির্যাতন করা যাবে না উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, গৃহকর্মীর ওপর কোনো হয়রানি ও নির্যাতন হলে মামলা চালানোর দায়িত্ব সরকারের। কোনো গৃহকর্মী নিয়োগকারী, তার পরিবারের সদস্য বা অতিথিদের দ্বারা শারীরিক, মানসিক বা যৌন হয়রানির শিকার হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, গৃহকর্মী নির্যাতন বা হয়রানির ঘটনায় সংশ্লিষ্ট থানা যেন দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিতে পারে, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাপ্তরিক নির্দেশনা জারি করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, পূর্ণকালীন গৃহকর্মীর মজুরি যাতে তাঁর পরিবারসহ সামাজিক মর্যাদার সঙ্গে জীবনযাপনের উপযোগী হয়, নিয়োগকারীকে তা নিশ্চিত করতে হবে। তবে গৃহকর্মীর ভরণপোষণ, পোশাকপরিচ্ছদ দেওয়া হলে তা মজুরির অতিরিক্ত বলে গণ্য হবে।
নীতিমালায় বলা আছে, প্রত্যেক গৃহকর্মীর কর্মঘণ্টা এমনভাবে বিন্যস্ত করতে হবে, যাতে তিনি পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, চিত্তবিনোদন ও প্রয়োজনীয় ছুটির সুযোগ পান। অসুস্থ অবস্থায় কোনো গৃহকর্মীকে দিয়ে কাজ করানো যাবে না এবং নিয়োগকারীকেই নিজের অর্থে তাঁর চিকিৎসা করাতে হবে। এ ছাড়া গৃহকর্মীকে তাঁর নিজের ধর্ম পালনের সুযোগ দিতে হবে। কর্মরত অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হলে চিকিৎসাসহ দুর্ঘটনা ও ক্ষতির ধরন অনুযায়ী নিয়োগকারীকে ক্ষতিপূরণ দিতে হবে।
গৃহকর্মী যদি কর্মরত পরিবারের শিশু, অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিসহ কোনো সদস্যের সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন বা পীড়াদায়ক আচরণ করেন, তবে নিয়োগকারী তাঁর নিয়োগ বাতিল করে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
কাউকে না জানিয়ে গৃহকর্মী চলে গেলে নিয়োগকারী সংশ্লিষ্ট থানার জিডি করতে পারবেন। তবে অর্থ বা মালামাল নিয়ে গৃহকর্মী চলে গেলে সে ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারবেন নিয়োগকারী।
এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা-উপজেলায় যথাক্রমে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে মনিটরিং সেল গঠন করা হবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে গৃহকর্মীদের যৌক্তিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে বলেও ওই নীতিমালায় উল্লেখ করা হয়।
মন্ত্রিসভার আরও সিদ্ধান্ত: গতকালের বৈঠকে জাতীয় সংসদে ২০১৬ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ড একীভূত করে গঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ আইন’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৫৭ সালে প্রণীত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন আইনটিকে বাংলায় অনুবাদ করে সেটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

গৃহকর্মীর সুরক্ষা
সবেতনে ১৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি
চাকরি ছাড়লে বা ছাড়ালে এক মাসের আগাম নোটিশ
গৃহকর্মী নিয়োগ দিয়ে তার ছবিসহ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা
সরকার হেল্পলাইন করবে, মামলার খরচ দেবে
শ্রম মন্ত্রণালয়ের তদারকি সেল থাকবে
গৃহকর্মীর ন্যূনতম বয়স ১৪, অভিভাবকের অনুমতি মিললে তা ১২
গৃহকর্মী ও গৃহকর্তার শাস্তি প্রচলিত আইনে
নিয়োগকারী নিজে শারীরিক বা মানসিক শাস্তি দিতে পারবেন না