গৃহকর্মী সেজে সাত বছরে ৭০০ ভরি স্বর্ণালংকার চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী সেজে সাত বছরে অন্তত ৭০০ ভরি স্বর্ণালংকার ও ১০-১২ লাখ টাকা চুরি করার কথা জানালেন শিউলি আক্তার (২৬)। এ কাজে তাঁকে সহায়তা করেন তাঁর সাবেক স্বামী তারিফ মিয়া।মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান শিউলি। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কয়েক দিন আগে গাইবান্ধা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ডিবি জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করে বিভিন্ন তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর রূপনগর থেকে গত মঙ্গলবার তারিফকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার শাহ আলী থানা এলাকা থেকে মো. শাহীন ও সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মিরপুরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের আল হারুন জুয়েলার্সের যথাক্রমে ব্যবস্থাপক ও কর্মচারী। ওই দোকান থেকে ৪০ ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।সংবাদ ব্রিফিংয়ে তারিফ, শাহীন ও সুজনকেও হাজির করা হয়। শিউলি সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। কোন বাসায় গৃহকর্মী দরকার তা তারিফ তাঁকে জানাতেন। ওই তথ্যমতে তিনি ওই বাড়ির নিরাপত্তাকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তাঁর মাধ্যমে গৃহকর্মীর কাজ নিতেন। অল্প সময়েই তিনি বাসার সবার আস্থা অর্জন করতেন। বাসার লোকজন বাইরে গেলে তিনি নিজের মুঠোফোন থেকে তারিফকে কল করে ডেকে আনতেন এবং তাঁর মাধ্যমে আলমারি ও ড্রয়ারের বিকল্প চাবি বানাতেন। সুযোগ বুঝে তিনি ওই চাবির সাহায্যে টাকা, অলংকার ও কাপড়চোপড় চুরি করে গাইবান্ধা চলে যেতেন। সাত বছর ধরে তিনি মিরপুর, শাহ আলী, পল্লবী, রূপনগর ও কাফরুল এলাকার ৪২টি বাসাবাড়ি থেকে এভাবে চুরি করেছেন। সর্বশেষ গত আগস্টে রূপনগরের এক বাসা থেকে ৪৪ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ ২০ হাজার টাকা চুরি করেন।শিউলি আরও জানান, ওই বাসায় চুরির আগে কাজীপাড়ায় জনৈক ফসয়াল আহমেদের বাসা থেকে ৫৫ ভরি স্বর্ণালংকার চুরি করেন। পল্লবীতে আওয়ামী লীগের এক নেত্রীর বাসা থেকে ৫৬ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় করা মামলায় তিনি ছয় মাস কারাগারে ছিলেন।শিউলি জানান, চুরি করা স্বর্ণালংকার তিনি মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের আল হারুন জুয়েলার্সসহ মিরপুরের বিভিন্ন দোকানে বিক্রি করতেন। দোকানিরা তাঁকে ভরিপ্রতি ১৫ হাজার টাকা দিতেন। চুরির মালামালের অর্ধেক সাবেক স্বামীকে দিয়েছেন। শাহীন ও সুজন জানান, কিছুদিন আগে তাঁদের উপস্থিতিতে দোকানমালিক হারুন অর রশীদ ৪০ ভরি স্বর্ণালংকার কিনেছিলেন শিউলির কাছ থেকে।ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, গৃহকর্তা বা গৃহকর্ত্রী শিউলির বিস্তারিত ঠিকানা ও ছবি তুলে না রাখায় তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে একের পর এক চুরি করেন। মশিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া অপর তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।