গৃহকর্মী হালিমা, হাবিবারা আজও নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের কিশোরী হালিমা। কাজ করত মোটর যন্ত্রাংশ ব্যবসায়ী খন্দকার ইমরানের বাসায়। গত আগস্ট মাসে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে হালিমার লাশ উদ্ধার করে। তার ছোট শরীরটাতে ছিল অনেক আঘাতের চিহ্ন।গত ১৪ জুলাই রাজধানীতে একজন উপসচিবের বাসায় অনাহারে, নির্যাতনে মারা যায় ১৩ বছরের গৃহকর্মী নূরজাহান। আর কুড়িগ্রামের ১০ বছরের শিশু হাবিবার কপাল কিছুটা ভালো। গৃহকর্তা বা গৃহকর্ত্রী নির্যাতন করে মেরে ফেলার আগেই সাভার থানার পুলিশ তাকে উদ্ধার করে গত মে মাসে। হাবিবা নিজেই শিশু, তবে তার দায়িত্ব ছিল গৃহকর্তার আড়াই বছরের শিশুটির দেখভাল করা। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করা। এ কাজে সামান্য গাফিলতিতেও হাবিবার কপালে জুটত গরম খুন্তির ছ্যাঁকা আর স্কেলের আঘাত। এ ধরনের বাস্তবতায় দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস।গৃহকর্মী হিসেবে পরিচিত কন্যাশিশু হাবিবা বা হালিমাদের সুরক্ষায় সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার একটি খসড়া করে রেখেছে। ২০০৯ সাল থেকেই সরকার খসড়াটি চূড়ান্ত করার ঘোষণা দিচ্ছে। তবে তা আজও চূড়ান্ত হয়নি।নিবন্ধনের কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় দেশে গৃহশ্রমিকদের প্রকৃত সংখ্যা কত, তা নিশ্চিতভাবে জানা কঠিন। ‘লেবার ফোর্স সার্ভে ২০০৬’-এর মতে, গৃহকর্মে নিয়োজিত ১৫ বছরের বেশি বয়সী শ্রমিকের সংখ্যা তিন লাখ ৩১ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম জরিপ ২০০৩-এর তথ্য অনুযায়ী ৫ থেকে ১৭ বছর বয়সী গৃহকর্মীর সংখ্যা ছিল এক লাখ ২৫ হাজার। তবে সরকারের খসড়া নীতিমালাতেই বলা হয়েছে, বর্তমানে ২০ লাখেরও বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত। এদের বেশির ভাগই কন্যাশিশু। এই গৃহকর্মীদের কাজ করতে হয় ৯ থেকে ১০ ঘণ্টা। গৃহকর্মী শিশুদের মাত্র ২ শতাংশ শিশু অধিকার শব্দটির সঙ্গে পরিচিত।গত বছরের মে মাসে প্রকাশিত বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ঢাকা শহরের গৃহকর্মী শিশুদের পরিস্থিতি নিয়ে করা গবেষণা অনুযায়ী, নগরের মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে কর্মরত ৮৪৯ জন গৃহকর্মীর ১৭ শতাংশই যৌন নির্যাতনের শিকার। এই গৃহকর্মীদের ৮৮ শতাংশই ছিল মেয়ে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ঘরের চার দেয়ালের মধ্যে গৃহকর্মী হিসেবে কাজ করতে আসা কতজন কন্যাশিশু নির্যাতনের শিকার, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ঘটনাগুলোর খুব সামান্যই জানাজানি বা গণমাধ্যমে প্রকাশিত হয়। হাবিবা যে বাসায় কাজ করত, সেই বাসার গৃহকর্ত্রী শারমিন আক্তার ও তাঁর স্বামী জাকির হোসাইনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহায়তায় থানায় মামলাও দায়ের করা হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রথম আলোকে বলেন, ফৌজদারি দণ্ডবিধির আওতায় মামলা হলেও বেশির ভাগ মামলা পরবর্তী সময়ে আর ধোপে টেকে না। আপস-মীমাংসা করতে বাধ্য হয় বেশির ভাগ গৃহকর্মীর পরিবার।‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ দেশের জাতীয়ভিত্তিক শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত। ২০০৬ সালের ডিসেম্বর থেকে এই নেটওয়ার্ক গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকল্পে সরকারের সঙ্গে অ্যাডভোকেসিসহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। তার পরও গৃহশ্রমিকদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এ গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়নি। খসড়া নীতিমালাটিও আলোর মুখ দেখেনি।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, নীতিমালাটি চূড়ান্ত করার বিষয়টি সরকারের ইতিবাচক বিবেচনায় আছে।