গৃহকর্মী হাসিনার মৃত্যুর ঘটনায় দম্পতি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী হাসিনার (১১) মৃত্যুর ঘটনায় গৃহকর্তা শরীফুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারজানা লিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর বরমী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসিনার মা সালমা বেগম জানান, চার মাস আগে মোহাম্মদপুরের এক বাড়িতে কাজে দিয়েছিলেন হাসিনাকে। চার মাস পার হলেও মেয়ের কোনো খোঁজ পাননি। হঠাৎ একদিন গৃহকর্তা শরীফুল ইসলাম ফোন করে জানালেন, টাইফয়েড আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মেয়ে হাসপাতালে। ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকায় এসে মেয়েকে পেয়েছেন, তবে তার শরীরে ক্ষত ভরা, সংজ্ঞাহীন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যায় হাসিনা। এ ঘটনায় তিনি বাদী হয়ে গৃহকর্তা শরিফুল ও তাঁর স্ত্রী ফারজানা লিজাকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন : ‘বাঁচানো গেল না মেয়েটিকে’