গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে নীলফামারীর এক গৃহপরিচারিকার ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাসকিনা বেগম (১৪) নামের ওই গৃহপরিচারিকাকে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাসকিনা বেগম জলঢাকা উপজেলার রাঙ্গামাটিপাড়া গ্রামের ছকুমদ্দীনের মেয়ে। গতকাল বুধবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় তাসকিনা বেগমের সঙ্গে। সে বলে, ঢাকার মোহামঞ্চদপুরের সোহেল আহসানের বাসায় সে দুই বছর কাজ করেছে। সেখানে সোহেল আহসানের স্ত্রী তার ওপর অমানবিক নির্যাতন চালান।
হাসপাতালের মেঝেতে পাতা বিছানায় বসে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তাসকিনা কান্নায় ভেঙে পড়ে। সে বলে, ‘কথায় কথায় উনি (গৃহকর্ত্রী) আমার ওপর নির্যাতন করতেন। বিভিন্ন সময় আমার শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিতেন এবং লাঠি দিয়ে আঘাত করতেন। প্রায়ই আমার গলায় সুচ দিয়ে খোঁচা দেওয়া হতো। নিরুপায় হয়ে দুই বছর এসব অত্যাচার সহ্য করতে হয়েছে। খেতেও দিতেন না ঠিকমতো। রাতে আমাকে থাকতে দিতেন বাথরুমে।’
ছকুমদ্দীন অভিযোগ করে বলেন, ‘ওই বাড়ির মালিকের স্ত্রী নির্যাতন চালিয়ে ক্ষতবিক্ষত করেছে আমার মেয়ের শরীর। তিন মাস আগে তার বাম কানে লাঠি দিয়ে আঘাত করে। চিকিৎসা না পাওয়ায় কানটি ফুলে গেছে। এতে ব্যথা অনুভব করছে সে। এ অবস্থায় ১০ মার্চ আমি তাকে ঢাকার ওই বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসি। বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়লে পরদিন বিকেলে তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।’ এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কাশিদ ওমর বলেন, ‘শরীরে আঘাতের চিহ্ন নিয়ে মঙ্গলবার বিকেলে ওই মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশির ভাগ আঘাত পাঁচ-সাত দিন আগের।’
গৃহকর্তা সোহেল আহসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘তাসকিনার বাবা আমার কাছে কিছু টাকা চেয়েছিল। টাকা না পেয়ে এমন বানোয়াট অভিযোগ করছে।’
গতকাল বিকেলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।