সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে ষাটোর্ধ্ব আনোয়ারা খাতুন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় গৃহপরিচারিকা সেলিনা খাতুনকে আসামি করে মামলা হয়েছে। নিহত আনোয়ারার মেয়ে জাহানারা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমা থানায় এ মামলা করেন। ঘটনার পর থেকে গৃহপরিচারিকা নিখোঁজ। মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার বড়ইকান্দি ইউনিয়নের কাজিরখলা গ্রামের আনোয়ারা খাতুনের বাড়িতে প্রায় এক সপ্তাহ আগে কাজে যোগ দেন পঞ্চাশোর্ধ সেলিনা খাতুন। তাঁর অন্য কোনো পরিচয় জানা নেই। ঘটনার পর থেকে তাঁর নিখোঁজ থাকা ও বাড়ির সিন্দুক ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ স্বর্ণালংকার খোয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে, সেলিনার যোগসূত্রে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত ভেবে তদন্তকাজ এগিয়ে চলছে। গৃহকর্মীর সন্ধান পাওয়া গেলে রহস্য উদ্ঘাটন হবে।