গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা, গৃহকর্ত্রীসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় গতকাল শুক্রবার চোর আখ্যা দিয়ে ময়না আক্তার নামের এক গৃহকর্মীকে খুন্তির ছ্যাঁকা ও লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার রিকশাচালক আবদুর রশিদের স্ত্রী ময়না (৩৫) মাসে ৩০০ টাকা বেতনে দক্ষিণ সস্তাপুর এলাকার ঝুট ব্যবসায়ী জসিম মিয়ার বাড়িতে কাজ করতেন। প্রায় পাঁচ দিন আগে তিনি ওই কাজ ছেড়ে দেন। কিন্তু গতকাল সকালে ময়না ওই বাড়িতে গেলে তাঁর বিরুদ্ধে কানের সোনার দুল চুরির অভিযোগ তোলেন গৃহকর্ত্রী সামিনা। একপর্যায়ে ময়নার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় ময়নার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ময়নার শরীরের বিভিন্ন স্থানে ভারী বস্তুর বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁকে গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। চুরির অভিযোগ অস্বীকার করে ময়না বলেন, কাজ ছেড়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর এই নির্যাতন চালানো হয়েছে। ময়নাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে গৃহকর্ত্রী সামিনা ফতুল্লা থানায় গণমাধ্যমকর্মীদের বলেন, পাঁচ দিন আগে তাঁদের বাড়ি থেকে কানের সোনার দুল চুরি করে পালিয়ে যান ময়না। গতকাল সকালে তিনি বাসায় এলে তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়।ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ময়নার অভিযোগের পরিপ্রেক্ষিতে সামিনা ও তাঁর আত্মীয় রেখা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।