গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর-১৩ নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা ন্যাম গার্ডেনের সামনে জনতার বিক্ষোভ। ছবি: আশরাফুল আলম
মিরপুর-১৩ নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা ন্যাম গার্ডেনের সামনে জনতার বিক্ষোভ। ছবি: আশরাফুল আলম

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেনের একটি বাসায় ধর্ষণের পর গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ওই গৃহকর্মীর স্বজনেরা লাশ নিয়ে আজ সোমবার প্রথমে কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন, পরে কাফরুল থানার সামনে বিক্ষোভ করে চলে যান ওই বাসার সামনে।

ওই গৃহকর্মীর নাম জনিয়া (১৫)। মা ফুল বানু বাসাবাড়িতে ঠিকা কাজ করেন। বাবা উসমান গণি রিকশা চালান। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। ঢাকায় পরিবারের সঙ্গে সে সেনপাড়ায় থাকত।

জনিয়া মিরপুর-১৩ নম্বরে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা ন্যাম গার্ডেনের তিন নম্বর ভবনের ৪০৩ বি-তে কাজ করত। বাসাটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব আহসান হাবিবের।


জনিয়ার মা ফুল বানুর ভাষ্য, তিনি নিজে ওই বাসায় কাজ করতেন। এক মাস ধরে তিনি অসুস্থ। গত ১৫ দিন ধরে তিনি ওই বাসায় কাজে যেতে পারছেন না। সাত দিন ধরে তাঁর বদলে জনিয়া ওই বাসায় কাজে যাচ্ছিল। পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে জানিয়া তাঁর দ্বিতীয় সন্তান। গতকাল রোববার সেনপাড়ার ভাড়া বাসা থেকে কাজ করতে মেয়ে ন্যাম গার্ডেনের ওই বাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁকে খবর দিয়ে ওই বাসায় যেতে বলে। সেখানে গিয়ে তিনি দেখেন, মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন।


ফুল বানুর অভিযোগ, ওই বাসার সরকারি কর্মকর্তার ছেলে তাঁর মেয়েকে ধর্ষণের পর মেরে ফেলেছে। তিনি দাবি করেন, তিনি পুলিশের কাছে কান্নাকাটি করেছেন, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পুলিশ লাশ থানায় নিয়ে যায়। সেখানে ময়নাতদন্তের পর লাশ আজ তাঁদের কাছে হস্তান্তর করে। এরপর তাঁরা ওই লাশ নিয়ে কাজীপাড়ায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়া পর্যন্ত রোকেয়া সরণি অবরোধ করেন।


ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার প্রতিবাদে তাঁরা সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।

শাহাবুদ্দিন নামের একজন ট্রাফিক পরিদর্শক বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেছেন।


জনিয়ার স্বজনেরা লাশ নিয়ে কাজীপাড়া থেকে ন্যাম গার্ডেনের দিকে যাওয়ার চেষ্টা করেন। ন্যাম গার্ডেনের মূল ফটক ভেতর থেকে আটকে দেওয়া হয়। তখন বিক্ষুব্ধ লোকজনের একটি অংশ জনিয়ার লাশ নিয়ে কাফরুল থানার সামনে নিয়ে বিক্ষোভ করতে থাকেন। জনিয়ার মা ফুল বানুসহ কয়েকজন ন্যাম গার্ডেনের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বেলা পৌনে একটার দিকে কাফরুল থানার সামনে থেকে জনিয়ার লাশ নিয়ে ন্যাম গার্ডেনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।


মামলার ব্যাপারে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম উদ্দিন বলেন, গতকাল রাতে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। মেয়ের বাবা ওসমান গনি মামলাটির বাদী। কেন অপমৃত্যুর মামলা নেওয়া হলো—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দেননি।


পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটির বাবা ও মা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অপমৃত্যুর মামলা হয়েছে। যেহেতু অভিযোগে বলা হয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, সেহেতু ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হত্যা মামলা হবে কি না, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জনিয়ার বাবা ওসমান গণি বলেন, তিনি যুগ্ম সচিব আহসান হাবিব, তাঁর স্ত্রী ও ছেলে জুম্মানের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন।
আরও পড়ুন: 
গৃহকর্মীর লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ