গৃহকর্মীকে নির্যাতন গৃহকর্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সোহেল (১০) নামের এক গৃহকর্মীকে শরীরে খুন্তি গরম করে ছ্যাঁকা দেওয়া এবং কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গৃহকর্তা সুমন হোসেন ও গৃহকর্ত্রী সালমা বেগম গত শনিবার তার ওপর ওই নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার সালমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই দম্পতি সদরের শিশুপার্ক-সংলগ্ন মোল্লা ভবনে ভাড়া থাকেন। এলাকার অনেকে জানান, গত জানুয়ারি মাসে উপজেলার মাঝিবাড়ির সোহেলকে কাজের জন্য মাসিক এক হাজার টাকা বেতনে সুমনের বাসায় আনা হয়। সুমন সোনাপুর বাজারের নির্মাণসামগ্রীর দোকান সুমন ট্রেডার্সের মালিক। নানা অজুহাতে সোহেলকে মারধর করতেন সুমন ও সালমা। শনিবার সকালে বাসার সবাই ভাত খাওয়ার পর সোহেল খেতে চায়। এ সময় সালমা তাকে বাসার নিচ থেকে পানি এনে পরে ভাত খেতে বলেন। ক্ষুধার্ত সোহেল পাশের ভাড়াটিয়ার ঘরে গিয়ে ভাত খায়। এতে সালমা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। স্থানীয় লোকজন বিষয়টি সুমনকে জানালে তিনি সবার উপস্থিতিতে সোহেলকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু সুমন তাকে হাসপাতালে না নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে যান। সেখানে তিনি সুমনকে লাঠি দিয়ে দ্বিতীয় দফায় মারধর করেন।