গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভোগড়াবাসন সড়ক এলাকায় এক গৃহকর্মীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ওই গৃহকর্মীর নাম তানিয়া আক্তার (১৪)। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের জাকির হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া প্রায় আট বছর ধরে সদর উপজেলার ভোগড়াবাসন সড়ক এলাকার রুবিয়া আক্তারের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল। গত শনিবার দিবাগত রাতে শারীরিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক রুবিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে।
তানিয়ার বাবা জাকির হোসেন অভিযোগ করেন, তাঁর মেয়েকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা লোকজনের মাধ্যমে তাঁকে টাকাপয়সা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হক জানান, লাশের গলার দুই পাশে কালো দাগ পাওয়া গেছে। এ ঘটনায় তানিয়ার বাবা গতকাল বিকেলে রুবিয়া আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।