গৃহকর্মীকে হত্যার অভিযোগে ব্যবসায়ী ও স্ত্রীকে গ্রেপ্তার
রাজধানী আদাবরে রাহেলা খাতুন (৬০) নামের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে ওই গৃহকর্মীর লাশ অজ্ঞাত স্থানে নেওয়ার সময় পুলিশ আদাবর এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত গৃহর্মীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় গৃহকতা আমজাদ হোসেন ও তার স্ত্রী রেবেকা আঞ্জুকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, রাহেলা আদাবর ১১ নম্বর সড়কের ৬৯৫/১৪/এ নম্বর বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আমজাদ হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। আজ ভোরে গৃহকর্তা ডাকতে গলে তাকে রাহেলাকে মৃত অবস্থায় পান। এরপর তিনি একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে কফিনে ভরে গোপনে লাশটি গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে শ্যামলী থানার পুলিশ গৃহকর্তা আমজাদ ও তাঁর স্ত্রী রেবেকা আঞ্জুকে গ্রেপ্তার থানায় নিয়ে যায়। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের ফোন করে সাভারের নয়ারহাট এলাকা থেকে তাদের ফিরিয়ে আদাবরে আমজাদের বাসার সামনে ফিরিয়ে আনেন। এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্স ও কফিন আটক করে। পরে কফিনে ভরা মরদহেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশ একই এসময় অ্যাম্বুলেলেন্সে থাকা চারজনকে আটক করে আদাবর থানায় নিয়ে যায়।
রাহেলা গত চার বছর ধরে আমজাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে রাহেলাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহকর্তা আমজাদ ও তার স্ত্রী রেবেকা আঞ্জুর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, রাহেলার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।