গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি

গৃহকর্মী সুরক্ষা নীতি বাস্তবায়ন করে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শ্রমিক হিসেবে স্বীকৃতি পেলে তারা শ্রম আইনের সুবিধা পাবে।
আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়নের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এ দাবি জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, গৃহকর্মীদের শ্রম বেআইনি নয়। তারাও সরকারের পক্ষ থেকে শ্রম আইনের সুযোগ-সুবিধা পাবেন। এ আইনের মাধ্যমে শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবেন এবং তাদের মেধাবী সন্তানরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাতা পাবেন।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক জোটের গৃহশ্রমিক সংগঠক হেনা চৌধুরী বলেন, ‘গৃহকর্মীদেরও অবসর সময় চাই। ছুটি চাই। আইন মানা হলে তারা সপ্তাহে অন্তত একদিন ছুটি পাবে।’
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সংগঠক সেতারা বেগম বলেন, ‘আমরা কাজ না করলে অন্যরা অফিসে যাইতে পারব না। আমরা ঘরে কাজ করি। ঘর পরিষ্কার রাখি। কাজ কইরা খাই। আমাদের কেন গৃহকর্মী হিসেবে অন্যরা ঘেন্না করব?’
‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ অনুযায়ী “গৃহকর্ম” বলতে রান্না ও রান্না সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাজে সহায়তা, বাজার করা, গৃহ বা গৃহের আঙিনা বা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পোশাক ধোয়া, গৃহে বসবাসরত শিশু, অসুস্থ, প্রবীণ কিংবা প্রতিবন্ধী ব্যক্তির যত্ন নেওয়া এবং গৃহের অন্যান্য কাজকে বোঝানো হয়েছে।
গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, ১০ বছর ধরে করা আন্দোলনের ফলে গৃহকর্মীদের সুরক্ষায় আইন করা হয়েছে। এ আইন বাস্তবায়ন হলে গৃহকর্মে নিয়োজিত সব ব্যক্তির সুরক্ষা ও কল্যাণের জন্য গৃহকর্মকে শ্রম হিসেবে স্বীকৃতি ও মর্যাদা প্রদান, গৃহকর্মীদের জন্য শোভন কাজ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যাবে। তাদের বিশ্রাম-বিনোদন-ছুটিসহ নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠা করতে তাদের স্থায়ী ঠিকানা ও কর্মস্থলের তথ্য হালনাগাদকরণ ও সংরক্ষণের ক্ষেত্র প্রস্তুত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ তে বর্ণিত বিষয়বস্তু সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং প্রচারণার ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ গ্রহণ এবং কর্মসূচির রূপরেখা ও কৌশল নির্ধারণ করা হবে।
‘ঘরে ঘরে সুসম্পর্ক গড়ে তুলি, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ মেনে চলি’ স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলস-এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, অক্সফাম বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এম বি আখতার, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন, নেটওয়ার্কের সদস্যসচিব নাজমা ইয়াসমিনসহ নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।