গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী সুরক্ষা নীতি বাস্তবায়ন করে তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠন। নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, শ্রমিক হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা শ্রম আইনের সুবিধা পাবেন।
গতকাল বুধবার সকালে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়নের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে নেটওয়ার্কটি এ দাবি জানায়।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, গৃহকর্মীদের শ্রম বেআইনি নয়। তাঁরাও সরকারের পক্ষ থেকে শ্রম আইনের সুযোগ-সুবিধা পাবেন। এ আইনের মাধ্যমে শ্রমিকেরা ন্যায্য মজুরি পাবেন এবং তাঁদের মেধাবী সন্তানেরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাতা পাবে।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক জোটের গৃহশ্রমিক সংগঠক হেনা চৌধুরী বলেন, ‘গৃহকর্মীদেরও অবসর সময় চাই। ছুটি চাই। আইন মানা হলে তাঁরা সপ্তাহে অন্তত এক দিন ছুটি পাবেন।’
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সংগঠক সেতারা বেগম বলেন, ‘আমরা কাজ না করলে অন্যরা অফিসে যাইতে পারব না। আমরা ঘরে কাজ করি। ঘর পরিষ্কার রাখি। কাজ কইরা খাই। আমাদের কেন গৃহকর্মী হিসেবে অন্যরা ঘেন্না করবে?’