গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবোর একটি বাসা থেকে পুলিশ গতকাল বুধবার নিলুফা আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
স্বজনদের অভিযোগ, নিলুফাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সবুজবাগ থানার পুলিশ বলেছে, নিলুফা উত্তর বাসাবোতে নুরুল আমিনের বাসায় গৃহকর্মী ছিল। গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ ওই বাসার রান্নাঘরের পাশের বারান্দায় একটি লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিলুফা আক্তারের বাড়ি রংপুরের বদরগঞ্জের চিৎপুর চরেরপাড়ায়। তার বাবার নাম দুলাল মিয়া। মর্গে নিলুফারের বোন সাবিনা আক্তার বলেন, তাঁর বোন আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।