গৃহকর্মীর মামলা নিয়ে নিউইয়র্ক ছাড়লেন মনিরুল
গৃহকর্মীর করা মামলা কাঁধে নিয়ে অনেকটা গোপনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ত্যাগ করেছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে নিরাপদে মরক্কোয় পৌঁছানোর কথা জানিয়ে নিউইয়র্কে ই-মেইল করেছেন তিনি।
আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসের কর্মভার হস্তান্তর করে যাননি মনিরুল ইসলাম। গতকাল ঢাকার নির্দেশে জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তাকে কনসাল জেনারেলের অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ মিশনে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান অস্থায়ী কনসাল জেনারেলের দায়িত্ব পালন করবেন।
মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে মধ্য এপ্রিলে যোগ দেওয়ার কথা ছিল মনিরুল ইসলামের। এর মধ্যে ঢাকা থেকে নতুন কনসাল জেনারেল শামীম আহসান নিউইয়র্কে এসে কাজে যোগ দেওয়ার কথা। কয়েক সপ্তাহ ধরে মনিরুল ইসলাম নিউইয়র্কে নানা বিদায় সংবর্ধনা নিয়ে ব্যস্ত ছিলেন।
এর মধ্যেই দেশ থেকে নিয়ে আসা গৃহকর্মী মাসুদ পারভেজ তাঁর বাড়ি ছেড়ে চলে যান। মার্কিন আইনজীবীর সহযোগিতায় তিনি গত শুক্রবার মজুরি বঞ্চনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেন মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিন প্রভার বিরুদ্ধে। সপ্তাহান্তের ছুটি থাকায় আদালত থেকে মনিরুল ইসলামের কাছে কোনো নোটিশ যায়নি। নিউইয়র্কের সরকারি আইনজীবী এখন পর্যন্ত ফৌজদারি অভিযোগ না আনায় এই কূটনীতিকের নামে কোনো সমন বা পরোয়ানা জারি হয়নি।
সংবাদমাধ্যমে গৃহকর্মী মাসুদ পারভেজের অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গৃহকর্মী তাঁর সঙ্গে মরক্কোয় না যাওয়ার জন্য মামলা-নাটকের আশ্রয় নিয়েছেন। নিউইয়র্কের কোথাও মাসুদ পারভেজকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মার্কিন আইনজীবীর পরামর্শে তিনি স্বেচ্ছা আত্মগোপনে আছেন।
যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, গৃহকর্মী মাসুদ পারভেজের দায়ের করা মামলাটি এখনো দেওয়ানি ও ক্ষতিপূরণ ধরনের মামলা। এ ধরনের মামলায় দুই পক্ষের মধ্যে আপস করার অবকাশ রয়েছে। তবে মামলাটি ফৌজদারিতে মোড় নিলে নিউইয়র্ক ত্যাগ করলেও মনিরুল ইসলামকে অভিযোগ মোকাবিলার জন্য সশরীরে উপস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। তিনি বলেন, ন্যূনতম মজুরি ও এ-সংক্রান্ত ক্ষতিপূরণ মামলার বিচারপ্রক্রিয়া এখানে ভিন্ন। চাকরিদাতাকেই সাক্ষ্য প্রমাণে নিজেকে আদালতে নির্দোষ প্রমাণ করতে হবে। এ ধরনের মামলায় অভিযোগ প্রমাণের ভার অভিযোগকারীর নয়। তবে এ মামলার মাধ্যমে গৃহকর্মী মাসুদ পারভেজের যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ খোঁজার অবকাশ রয়েছে বলে মঈন চৌধুরী মনে করেন। তাঁর মতে, মনিরুল ইসলাম সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মামলা করার পর দেশে গেলে বিপদের আশঙ্কা আছে—উল্লেখ করে গৃহকর্মী মাসুদ যুক্তরাষ্ট্রে অভিবাসন আশ্রয়ের আবেদন জানাতে পারে