গৃহকর্মীর মামলায় লড়বেন বাংলাদেশের কূটনীতিক
যুক্তরাষ্ট্রে গৃহকর্মীর করা মামলা আইনগতভাবে মোকাবিলা করবেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম। সপ্তাহের শেষ কর্মদিন শুক্রবার মামলা দায়ের হওয়ায় এ নিয়ে কোনো আইনি তত্পরতা এখনো শুরু হয়নি।
এদিকে গৃহকর্মী মাসুদ পারভেজকে নিউইয়র্কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আইনজীবীর পরামর্শে তিনি আপাতত আত্মগোপনে আছেন।
যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের সংবাদমাধ্যমে গৃহকর্মী নির্যাতন ও মজুরিবঞ্চিত করার সংবাদটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ নিয়ে কূটনৈতিক মহল ও প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ভারতীয় কূটনীতিক দেবযানীর ঘটনার পর বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে একই অভিযোগের বিষয় পশ্চিমা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম জানিয়েছেন, আদালত থেকে তাঁর কাছে এখনো কোনো নোটিশ আসেনি। কোনো তদন্ত সংস্থাও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেনি। সংবাদমাধ্যম থেকে জানার পর পুরো বিষয়টি ঢাকায় পররাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে। তিনি জানান, মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে যোগ দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। বাংলাদেশ থেকে নিয়ে আসা গৃহকর্মী মাসুদ পারভেজকে তাঁর সঙ্গে মরক্কোতে নিয়ে যাওয়ার কথা ছিল। তাঁর দাবি, মাসুদ যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার উপায় খুঁজছিলেন। তাই হঠাত্ করেই মাসুদ একদিন কনসাল জেনারেলের বাসা থেকে উধাও হয়ে যান। এমনিতে খোঁজাখুঁজি করলেও গৃহকর্মী লাপাত্তা হয়ে যাওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানাননি।
মামলা দায়েরের সংবাদ পাওয়ার পর মনিরুল ইসলাম কুমিল্লার মুরাদনগরে কথা বলেছেন মাসুদ পারভেজের বাবা নাসির উদ্দিনের সঙ্গে। তাঁর বাবা জানান, ছেলের কোনো তত্পরতা সম্পর্কে তিনি অবহিত নন। ছেলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি বা ছেলের অবস্থান সম্পর্কেও তিনি জানেন না।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম দাবি করেছেন, গৃহকর্মী হিসেবে মাসুদ পারভেজকে নিউইয়র্কে নিয়ে যাওয়ার আগে তাঁর বাবাকে তিনি ২০ লাখ টাকা দিয়েছেন। কথা ছিল, মাসুদ পারভেজের মজুরি থেকে এ টাকা ক্রমান্বয়ে শোধ করা হবে। ওই লেনদেনের যথাযথ প্রমাণ তাঁর কাছে আছে বলে তিনি দাবি করেন।
কনসাল জেনারেল মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিনা প্রভার বিরুদ্ধে গত শুক্রবার করা মামলায় গৃহকর্মী মাসুদ পারভেজ নির্যাতন ও মজুরি বঞ্চনার অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ মাস তাঁকে বিশ্রাম বা অবকাশের সুযোগ না দিয়ে দাস হিসেবে খাটানো হয়েছে।