গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় কণ্ঠশিল্পী কৃষ্ণকলিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের বাসার গৃহকর্মী জান্নাতুল আক্তার (১৭) ওরফে শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে গতকাল শুক্রবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমানের গতকাল রিমান্ডের প্রথম দিন অতিবাহিত হয়েছে। মৃত্যুর কারণ জানতে গত বৃহস্পতিবার কৃষ্ণকলিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শ্রী সুশীল চন্দ্র বর্মণ গতকাল প্রথম আলোকে বলেন, রিমান্ডে খালেকুর রহমান বলেছেন, জান্নাতুল আত্মহত্যা করেছে। ওই ঘটনার ব্যাপারে তিনি পুলিশকে জানান, তাঁর স্ত্রী তাঁকে ফোন করে জানান, জান্নাতুল কক্ষের দরজা বন্ধ করে বসে আছে। ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এরপর তিনি দ্রুত বাসায় আসেন। তিনি নিজে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে দেখেন, জান্নাতুল সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
জিজ্ঞাসাবাদে খালেকুর আরও বলেন, জান্নাতুল কাজ জানত না। এ কারণে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন তাঁর স্ত্রী। খালেকুর রহমান চালুর অপেক্ষায় থাকা বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করেন। এসআই আরও বলেন, গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় কৃষ্ণকলিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল রাতে যোগাযোগ করা হলে কৃষ্ণকলি ইসলাম জানান, বুধবার দুপুরে রান্না করতে বললেও সে রান্না করেনি। তাই তাকে বকুনি দিয়েছিলেন। তিনি বলেন, এ কারণে জান্নাতুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানতে পারবেন। লাশের ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, জান্নাতুল ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।