গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহরে পারভীন আক্তার (২৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হালিশহর ছোটপুল ইসলামিয়া ব্রিকফিল্ড রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। জিজ্ঞাসাবাদ করতে বাড়ির মালিক, তাঁর স্ত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এদিকে স্থানীয় লোকজনের দাবি, এটি আত্মহত্যা নয়, হত্যা। বাড়ির মালিককে গ্রেপ্তারের দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে লোকজনকে শান্ত করতে লাঠিপেটা ও তিনটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, আমেরিকাপ্রবাসী কামাল হায়দারের বাসায় কাজ করতেন পারভীন আক্তার নামের ওই গৃহকর্মী। গতকাল সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় কামালের স্ত্রীর কানের দুল চুরি করেন তিনি। পরে তাঁর কাছ থেকে দুল উদ্ধার করে বকাঝকা দেওয়া হয়। এতে ক্ষোভে ও অভিমানে বাসার দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। পুলিশ দরজা ভেঙে ঘর থেকে লাশ উদ্ধার করে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।
হালিশহর থানার ওসি শাহজাহান কবীর জানান, গৃহকর্মী পারভীন আক্তার বাসায় আত্মহত্যা করেছেন—এ খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পার্শ্ববর্তী বস্তির লোকজন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরে লোকজন সরে গেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।