গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
গতকাল রাতে ধানমন্ডি ৯/এ নম্বর সড়কের একটি বাসায় হাফজা আক্তার (১৬) নামের এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে হাফজাকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়করে বাসা থেকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব৵রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, হাফজা দুই বছর ধরে ধানমন্ডি ৯/এ নম্বর সড়কের ১২২ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করত। একটি মুঠোফোন চুরির অপবাদে গৃহকর্ত্রী লুবনা আক্তার তাকে বকুনি দেন। লুবনা পুলিশের কাছে দাবি করেন, বকুনি খেয়ে হাফজা ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস লাগায়। ডাকাডাকি করে তার কোনো শব্দ না পাওয়ায় দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লুবনা আরও দাবি করেন, এর আগেও হাফজা বাসা থেকে টাকা চুরি করেছিল। এ ব্যাপারে তাকে সাবধানও করা হয়েছিল। কিন্তু সে তাঁর কথা শোনেনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।