গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু প্রকৌশলী-চিকিত্সক দম্পতি আটক
রাজধানীর মোহাম্মদপুরে প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাসায় মনজিলা বানু (৪০) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বাসা থেকে গৃহকর্মীকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যজনক। মৃত্যুরহস্য উদ্ঘাটনে প্রকৌশলী মঞ্জুর করিম ও তাঁর স্ত্রী চিকিৎসক জুবাইদা গুলশান আরাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মনজিলা বানু মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ে ৬ নম্বর সড়কের ২০৩ নম্বরের বাসিন্দা প্রকৌশলী মঞ্জুর করিমের বাসার গৃহকর্মী ছিলেন। ওই বাসা থেকে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে গৃহকর্ত্রী জুবাইদা গুলশান আরা দাবি করেন, দুই দিন ধরে গৃহকর্মী মনজিলা জ্বরে ভুগছিলেন। তাঁকে ওষুধ দেওয়া হলেও তিনি খাননি। দিনে কর্মস্থলে থাকার সময় মনজিলা তাঁর শিশুসন্তানকে দেখাশোনা করতেন। তাঁর গ্রামের বাড়ি খুলনা শহরের রূপসার বাস্তুহারায়।