গৃহকর্মীর রান্না করা খাবার খেয়ে অসুস্থ ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজারের একটি বাসায় গৃহকর্মীর রান্না করা খাবার খেয়ে আট ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জয়নক রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ওই পরিবারের প্রধান হাজি তাজউদ্দিনের দাবি, তাঁর বাসায় কাজ করতে আসা স্বপ্না (৩৮) নামের গৃহকর্মী রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দিয়েছেন। ওই খাবার খেয়ে ওই ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন আনোয়ারা বেগম (৫০), রেশমা (৩০), ছালমা (১৫), ইয়াসিন (১২), হামিম (৯), আনোয়ারার ভগ্নিপতি ফয়সাল (৪০) বাসার দারোয়ান আবদুল হালিম (৫০) ও আবদুল মান্নান (৪৫)।

হাজি তাজউদ্দিন ভাষ্য, গতকাল রাতে তিনি বাসায় ছিলেন না। আজ মঙ্গলবার নয়টার দিকে প্রতিবেশীরা তাঁকে ফোন করে জানান, তাঁর বাসার দারোয়ানসহ সবাই অচেতন হয়ে পড়ে আছেন এবং বাসার দরজা খোলা। সঙ্গে সঙ্গে তিনি বাসায় এসে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তাজউদ্দিনের দাবি, সকালে বাসায় গিয়ে দেখেন স্বপ্না পলাতক। বাসার আলমারি খোলা। তাঁর স্ত্রী আনোয়ারার গলার সোনার চেইন এবং আট হাজার টাকা খোয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছেন। তবে আরও কিছু স্বপ্না নিয়েছেন কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে চকবাজার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরীফ বলেন, এ ব্যাপারে থানায় খবর দেওয়া হলে সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শনে যান। ওই গৃহকর্মীকে কাজে এনে দেওয়া অন্য এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ওই গৃহকর্মীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।