গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্ত্রীকে আটকের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ  প্রথম আলো
গৃহকর্ত্রীকে আটকের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ প্রথম আলো

রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার একটি বাড়ির নিচ থেকে গতকাল সোমবার সকালে রিতা বেগম (২৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছেন, পূর্ব শেওড়াপাড়ার ওই বাড়িটির অষ্টম তলায় অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের বাসায় চার মাস ধরে কাজ করতেন নিহত রিতা। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশায়। পুলিশ কর্মকর্তা কুতুব উদ্দিন বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে সুদানে কর্মরত। বাসায় তাঁর স্ত্রী সোনিয়া আক্তার থাকেন।
এ ঘটনার পরে কাফরুল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়াকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে পূর্ব শেওড়াপাড়ার ৯১১ নম্বর বাসার নিচে রিতার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এলে জনতা গৃহকর্ত্রীকে আটকের দাবি জানান। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে লাশ নিয়ে যায়।
থানা হেফাজতে গৃহকর্ত্রী সোনিয়া পুলিশকে বলেছেন, গৃহকর্মী রিতা বাসার বাথরুমের ফোকর দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন। কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, সোনিয়া আক্তারের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। অভিভাবকেরা এলে মামলা করা হবে।