গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের একটি বাড়ি থেকে পুলিশ গত রোববার রাতে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহকর্মীর বাবা গতকাল সোমবার দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
ওই গৃহকর্মীর নাম আনু সম্পা (১৭)। সে হরিপুর উপজেলার খররা গ্রামের বাসিন্দা।
পৌর শহরের শান্তিবাগ মহল্লার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়েছে, আজগর আলীর দ্বিতীয় মেয়ে সম্পা ২০০৮ সাল থেকে ওই বাড়িতে কাজ করে। বাড়ির লোকজন প্রায়ই তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এক বছর আগে তাঁর মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। আশপাশের কয়েকজন বাসিন্দা বাড়িতে চলে আসায় সম্পা সেবার রক্ষা পায়।
রোববার সন্ধ্যায় আজগর আলী মুঠোফোনে সংবাদ পান যে তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। তিনি দ্রুত পীরগঞ্জ আসেন। এলাকার লোকজনের কাছে শুনে তাঁর মনে হয়েছে, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। ওয়ালিউর রহমানের বাসায় তালা ঝুলছে। তাঁর মুঠোফোনটিও বন্ধ।
পুলিশ রোববার রাত নয়টার দিকে লাশের সুরতহাল করে রাতেই লাশটি থানায় নিয়ে আসে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মামলা হয়েছে। মামলায় গৃহকর্তার ছেলে রেজা হুমায়ুন কবির ও কবিরের স্ত্রী উম্মে সেলিনাকে আসামি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, মামলার আসামিদের ধরার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।