গৃহকর্মীর লাশ উদ্ধার গৃহকর্তা আটক
রাজশাহী নগরের ভদ্রা আবাসিক এলাকায় গতকাল বুধবার সকালে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনোয়ারা খাতুন (১৩)। বাবার নাম রমিজ কেরানী। বাড়ি ভোলার চরফ্যাশান উপজেলার চরমোল্লা গ্রামে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ইফতেখার আলমকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ইফতেখার আলম নগরের পদ্মা আবাসিক এলাকার এক নম্বর সড়কের ৫৪৬ নম্বর বাসায় ভাড়া থাকেন। তিনি একটি কোমল পানীয় কোম্পানির রাজশাহীর কর্মকর্তা। ইফতেখার আলম জানান, গতকাল সকালে ঘুম থেকে উঠে মনোয়ারার শোবার ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি দাবি করেন, শিশুটি আত্মহত্যা করেছে। এর আগেও সে পালানোর চেষ্টা করেছিল। তাকে ধরে আনা হয়েছিল। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আফাজ উদ্দিন জানান, ঘটনার রাতে ইফতেখারের স্ত্রী বাসায় ছিলেন না। শিশুটির শয়নকক্ষের দরজাও খোলা ছিল। কক্ষে কোনো ফ্যান ছিল না শুধু ফ্যান লাগানোর হুক ছিল। তার সঙ্গেই শিশুটির ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না, শিশুটি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া মৃত্যুর আগে সে যৌন নিপীড়নের শিকার হয়েছে কি না, তদন্ত শেষে তা-ও জানা যাবে।