গৃহকর্মীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর ও বনানী এলাকায় পৃথক তিনটি ঘটনায় এক কিশোরীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনটি লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
গতকাল দুপুরে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাড়ি থেকে তানিয়া আকতার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরী আত্মহত্যা করেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের বলিঘর গ্রামে।
কয়েক বছর ধরে ওয়াপদা রোডে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মীর কাজ করত তানিয়া। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। বাড়ির লোকজন খবর দেওয়ার পর গতকাল দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বৃহস্পতিবার রাতে আরাফাত হোসেন (১৯) নামের এক তরুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরাফাতের মামা আলম জানান, তিনি ঢাকা-টঙ্গী রুটে একটি বাসে চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। বনানী মোড়ে বাসের ধাক্কায় আরাফাত গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা গেছেন।