গৃহকর্মীসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানার কাকরাইলের একটি বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে আফরোজা বেগম (১৮) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে নাজির হোসেন (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে জানান, নিহত আফরোজা কাকরাইলের ৯৪/১ বাড়ির তৃতীয় তলার বাসায় কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি বাথরুমে গোসল করতে ঢোকেন। অনেকক্ষণ পরও বের না হওয়ায় বাসার সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা বাথরুমের দরজা ভেঙে আফরোজাকে শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে ওই বাসার মালিক রফিকুল ইসলাম থানায় অপমৃত্যু মামলা করেছেন।আফরোজার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার তারাকান্দি গ্রামে। বাবার নাম মোহাম্মদ কাজল।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ কামরাঙ্গীরচরের জেলেহাটি মসজিদের পশ্চিম পাশের বাড়ির একটি কক্ষ থেকে নাজির হোসেনের লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত নাজির মুদি দোকানি ছিলেন বলে জানা গেছে।এসআই মোজাম্মেল হোসেন আরও জানান, নাজিরের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আমি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি। লোকজন আমাকে ভালোবাসে না। তাই আমি আত্মহত্যা করলাম।’নাজির হোসেনের বাবার নাম শামসুল ইসলাম। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।