গৃহকোণে সুন্দরবনের সুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেঁতুল, লাল পাতার বট, তমাল, রাইটিয়া, থাই কতবেল, হানি লোকাস্ট, ফাইকাস, বাওবাব, কামিনীসহ বড় বড় গাছ—সবই রয়েছে ঘরের মধ্যে। শুধু তা-ই নয়, পাহাড়ে যেভাবে গাছ হেলে থাকে, তা-ও আছে। সুন্দরবনের সুন্দরী গাছও আছে।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ১৮তম বার্ষিক বনসাই প্রদর্শনীতে দেখা মেলে গাছগুলোর। চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি। সার্বিক সহায়তা করেছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকেরা এ প্রদর্শনী দেখা এবং কেনার সুযোগ পাবেন।
সোসাইটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, বনসাই একটি জাপানি শব্দ। এর অর্থ ‘ট্রি ইন আ ট্রে’ অথবা অগভীর নির্দিষ্ট মাপের সামঞ্জস্যপূর্ণ পাত্রে বড় গাছকে অবিকল জীবন্ত প্রতিকৃতিতে তৈরির যে কলাকৌশল, তাই হলো বনসাই। বনসাইয়ের উৎপত্তি চীনে। চীনের নাগরিকেরা বনসাইকে সৌভাগ্যের প্রতীক মনে করেন। পরে জাপানসহ অন্যান্য দেশেও বনসাই চর্চা শুরু হয়। বাংলাদেশেও এখন এ শিল্প বেশ পরিচিতি পেয়েছে।
সকালে প্রদর্শনীর সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রোকেয়া সুলতানা বলেন, বর্তমানে বিভিন্ন কারণে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না। বনসাই শিল্পীরা ওই ধরনের গাছগুলো সংরক্ষণ করছেন।
বাংলাদেশ বনসাই সোসাইটির সভাপতি নাজমা শফিক বলেন, এখন পর্যন্ত গৃহিণীরাই বনসাই প্রশিক্ষণ বেশি নিচ্ছেন। তাঁদের পাশাপাশি তরুণেরা এ শিল্পের প্রশিক্ষণ নিলে তা দিয়ে তাঁদের হাতখরচ মিটবে। একই সঙ্গে তরুণেরা নেশা ও অন্যান্য খারাপ কাজ থেকেও নিজেদের দূরে রাখতে পারবেন।
প্রদর্শনীতে বাংলাদেশ বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক আনিসুল হকের ফাইকাস, সেরিসা, ফার্ন, মস, চট্টগ্রামের পাহাড়ের কাঠ, ঝামা ইট দিয়ে তৈরি সিমেন্টের ট্রেতে পাশাপাশি তিনটি বনসাই রাখা আছে। বনসাইগুলোর পাশে দাঁড়ালে মনে হবে, কেউ পাহাড়ের কাছাকাছিই দাঁড়িয়ে আছে। এ বনসাইয়ের দাম ১ লাখ ১১ হাজার টাকা। আনিসুল হকের করা বিলুপ্তপ্রায় একটি ঔষধি গাছের বনসাইয়ের দাম এক লাখ টাকা। দেশি কেলি কদম এখন দুর্লভ গাছের তালিকায় চলে গেছে। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা।
আনিসুল হক বর্তমানে সুন্দরবন বাঁচাও আন্দোলনে শরিক হতে তৈরি করেছেন একটি বনসাই। ১৪/১৫ বছর আগের কেনা সুন্দরীগাছের বনসাইয়ের ট্রেতে বাঘের মাথা, হরিণ ও বিদ্যুতের প্রতীক বসিয়েছেন। পাশে লিখেছেন ‘সেভ সুন্দরবন’। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা। একেকটি বনসাইয়ের পেছনে শিল্পীর কষ্ট ও খরচ মিলিয়ে শিল্পী তাঁর দাম নির্ধারণ করেছেন।
সোসাইটির সদস্য মারিয়াম রওশন আরার ১০টি বনসাই প্রদর্শনীতে স্থান পেয়েছে। তিনি বললেন, বনসাইয়ের পেছনে খরচের চেয়েও পরিশ্রম বেশি লাগে। অনেকটা সন্তান লালনপালনের মতো। প্রতিদিনই যত্ন-আত্তি করতে হয়।
সন্তানের স্কুল ছুটির পর মারজুমান্দ ও রাসেল আহমেদ দম্পতি এসেছেন প্রদর্শনী দেখতে। বললেন, তাঁদের বাসায় ২৫ বছর বয়সী একটি বনসাই আছে। এখানে নতুন কী এল, তা দেখতে এসেছেন। এ ধরনের আরও বনসাইপ্রেমীর দেখা মিলল।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি ও শিল্পী মুস্তাফা খালীদ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী এবং সোসাইটির অন্য সদস্যরা বক্তব্য দেন।