গৃহনির্মাণ ঋণ নিয়ে গৃহবিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ হয় গত বছরের সেপ্টেম্বরে। বরাদ্দ হওয়ার মাসেই ঋণের টাকা আবেদনকারীদের হাতে পৌঁছানোর কথা। কিন্তু গত সাত মাসেও টাকা বণ্টন হয়নি।
এ অবস্থা সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঋণের টাকা বণ্টন নিয়ে একধরনের গৃহবিবাদ শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, জালালাবাদ গ্যাসের সিবিএ নেতারা পছন্দের লোকদের ঋণ পাইয়ে দিতে চেষ্টা করছেন। সংশ্লিষ্ট দপ্তরকে সিবিএ নেতারা চাপ দেওয়ায় সাত মাস ধরে ঝুলছে টাকা বণ্টন প্রক্রিয়া।
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয় সূত্র জানায়, কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিবছরই আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহনির্মাণ বাবদ ঋণ দেওয়া হয়। গত অর্থবছর ৩৪৬ জন কর্মকর্তা ও ২৫৪ জন কর্মচারীর ঋণের আবেদন মঞ্জুর হয়। সব মিলিয়ে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ আসে সেপ্টেম্বর মাসে। বরাদ্দের পর পরই বণ্টন হওয়ার কথা থাকলেও জালালাবাদ গ্যাসের সিবিএ নেতারা ২৫৪ জন কর্মচারীর তালিকা নিয়ে আপত্তি তোলেন। তখন থেকে বণ্টন প্রক্রিয়া বন্ধ থাকে। চলতি অর্থবছর শেষ হওয়ার আর মাত্র মাস দেড়েক সময় আছে। এ অবস্থায় ঋণের টাকা ফেরত যাওয়ার আশঙ্কায় সিবিএ নেতারা আবার তৎপর হন ঋণগ্রহীতা কর্মচারীদের তালিকা নিয়ে।
গত এক সপ্তাহ ধরে এ নিয়ে একধরনের বিবাদে লিপ্ত রয়েছেন জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল। তারা কর্মচারীদের জন্য জনপ্রতি ২০ লাখ টাকা মঞ্জুর হলেও টাকার অঙ্ক কমিয়ে এ তালিকা বর্ধিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চাপ দিচ্ছে। এ নিয়ে প্রতিদিনই জালালাবাদ গ্যাস ভবনের সিবিএ দপ্তর সরগরম রয়েছে। গত রোববারও সিবিএ সভাপতির নেতৃত্বাধীন একটি দল ঋণ শাখায় গিয়ে তালিকা বর্ধিত করার পরামর্শ দিয়ে এসেছে।
তালিকা বর্ধিত করার ক্ষেত্রে সিবিএ নেতারা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টায় রয়েছেন জানিয়ে একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, ২০ লাখ টাকা ঋণ মঞ্জুর হওয়া একজন কর্মচারীর স্থলে ১০ লাখ টাকা করে দুজনকে দেওয়ার কথা বলছে সিবিএ। এর পেছনে জনপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা ‘সিবিএর ফান্ডে’ দেওয়ার সরাসরি প্রস্তাব করা হচ্ছে। এ নিয়ে কর্মচারীদের মধ্যে একধরনের অস্থিরতা বিরাজ করছে। কয়েকজন কর্মচারী বলেন, ‘অবস্থা এমন যে যেকোনো সময় গ্যাস ভবনে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও বেধে যেতে পারে!’
জানতে চাইলে জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবদুর রহমান ঋণের টাকা নিয়ে কোনো ধরনের অসন্তোষ যাতে না থাকে, সে চেষ্টা তাঁরা সাংগঠনিকভাবে করছেন বলে দাবি করেন। ঋণ মঞ্জুর হওয়া কর্মচারীদের তালিকা বর্ধিত করা, সিবিএর তহবিলে টাকা দেওয়ার প্রস্তাব—সবই অপপ্রচার বলে দাবি করেন তিনি।
আবদুর রহমান বলেন, ‘ঋণের প্রক্রিয়া পুরোটাই বোর্ড থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে আমরা তালিকা দিলেও কিছু হবে না।’ তাহলে সিবিএ তৎপর কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংগঠন যেহেতু আছে। দু-একজন কর্মচারীর পক্ষে তদবির তো করতেই হয়। এ থেকে হয়তো অপপ্রচার চালানো হচ্ছে।’
জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আবদুল মোমেন গৃহনির্মাণ ঋণ বাবদ সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। গত সাত মাসেও বণ্টন না হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি চলমান। আগামী ১০ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করা হবে।