গৃহনির্মাণের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলাবিধ্বস্ত সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন তহবিল থেকে হতদরিদ্রদের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে গৃহনির্মাণের জন্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম তুলে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সাতক্ষীরা জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় সাংসদদের সহায়তায় এ তালিকা তৈরি করার কথা। কিন্তু তা না করায় দুজন সাংসদ এ তালিকা বাতিল করে নতুন করে তালিকা করার অনুরোধ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিটে চিঠি দিয়েছেন।জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ১৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার আইলাদুর্গত এলাকায় ঘূর্ণিঝড়সহিষ্ণু ৪০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রতিটি ঘরের নির্মাণব্যয় ধরা হয় চার লাখ টাকা। সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিটের পরিচালক রাশেদুল ইসলাম গত ২ জানুয়ারি সাতক্ষীরা জেলা পরিষদের সচিব বরাবর এক চিঠিতে ৪০০টি ঘরের জন্য উপকারভোগীদের তালিকা তৈরি করে তা দাখিল করতে নির্দেশ দেন। চিঠিতে জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় সাংসদদের সহায়তায় তালিকা তৈরি করার কথা বলা হয়েছে।অভিযোগ রয়েছে, সাংসদদের সহযোগিতা না নিয়ে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের নেতৃত্বে গোপনে ৪০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। হতদরিদ্রদের তালিকা করতে বলা হলেও আর্থিকসুবিধা নিয়ে তালিকায় অধিকাংশ সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকায় স্থান পাওয়া শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হবিবর রহমানের ২০ বিঘার মতো জমি ও টিনের ঘর রয়েছে। একই গ্রামের আবদুল মুজিত গাজী ও জহুরুল ইসলামও সচ্ছল। পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ পাখিমারা গ্রামের মুনসুর শেখের আধা পাকা বাড়ি, মুরগির খামার ও চিংড়িঘের রয়েছে। উত্তর পাখিমারার খোদাবক্স, রফিকুল ইসলাম, কামালউদ্দিন; গড়কোমরপুরের কহিনুর আলম, মোকছেদুর রহমান; কামালকাটির অসীম মণ্ডলের চিংড়িঘের রয়েছে।আশাশুনি উপজেলার শুভ্রকাটি গ্রামের চিংড়িঘেরমালিক রেজাউল ইসলাম, আশাশুনি সদরের রোস্তম আলী, চাপড়া গ্রামের শেখ সোহাগ ও আবদুুল কদ্দুসের জমি ছাড়াও চাকরি বা ব্যবসা রয়েছে। তালা উপজেলার বড়বিলা গ্রামের তকবর হোসেন ও দেওয়ানিপাড়া গ্রামের দিদারুল ইসলাম সচ্ছল।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপির চেয়ারম্যান ও সদস্য জানান, কেউ কেউ তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ২০ হাজার টাকা করে দিয়েছেন। তালিকায় নাম উঠলে তাঁদের আরও ৩০ হাজার টাকা করে দিতে হবে। স্থানীয় দালালদের মাধ্যমে জেলা পরিষদের একজন কর্মকর্তা এই টাকা নিয়েছেন।এস এম মাহবুবুর রহমান জানান, তালিকা তৈরির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তালিকা করেছেন জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী।জেলা পরিষদের প্রধান নির্বাহী আ ন আহমঞ্চদ আলী জানান, তিনি গত মাসের শেষে দিকে সাতক্ষীরায় যোগদানের আগেই তালিকা তৈরি করা হয়েছে। প্রশাসক মুনসুর আহমেঞ্চদ জানান, তালিকা মাহবুব করে তাঁকে দেখিয়েছেন। তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাকা নেওয়ার ব্যাপারে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি। সাংসদ এইচ এম গোলাম রেজা এ ব্যাপারে অহেতুক অভিযোগ তুলছেন।