গৃহপরিচারিকা তাহমিনা হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের এক শিশু গৃহপরিচারিকাকে ঢাকায় নির্যাতনের পর হত্যার অভিযোগে হওয়া মামলার তদন্ত এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন ও কিশোরগঞ্জে হরতাল করার ঘোষণা দেওয়া হয়।
নিহত গৃহপরিচারিকার নাম তাহমিনা আক্তার (১৪)। সে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে তাহমিনার গ্রামের বাড়ি থেকে এলাকাবাসী ও তার স্বজনেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জবাসীর ব্যানারে সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে তাহমিনার বাবা জয়নাল উদ্দিন অভিযোগ করেন, প্রায় সাত মাস আগে তিনি ঢাকার মিরপুরে আইনজীবী মামুনের বাসায় তাঁর মেয়েকে কাজ করতে দেন। ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে এসে তাহমিনা ঢাকায় ফিরে যেতে চায়নি। সে মা-বাবার কাছে অভিযোগ করে বাড়িওয়ালারা তাকে প্রায়ই সামান্য কারণে মারধর ও নির্যাতন করে। তা ছাড়া প্রতি মাসে দুই হাজার করে টাকা দেওয়ার কথা থাকলেও গত সাত মাসে তাকে কোনো টাকা দেওয়া হয়নি। পরে মামুন মুঠোফোনে তাঁকে (জয়নালকে) অনুরোধ করেন মেয়েকে আবার ঢাকায় পাঠানোর জন্য। এ সময় মামুন তাহমিনার সব পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। অভাব-অনটনের কারণে পরিবারের লোকজন বুঝিয়ে তাকে আবার ঢাকায় পাঠান। কিন্তু ঢাকায় যাওয়ার পর থেকে পরিবারের লোকজনের সঙ্গে তাহমিনাকে আর যোগাযোগ করতে দেওয়া হয়নি।
এরপর ১ সেপ্টেম্বর পুলিশ পরিচয়ে একজন তাহমিনার বাবার মুঠোফোনে মেয়ের আত্মহত্যার খবর দেয় ও লাশ আনার কথা বলে। ঘটনার পরদিন মিরপুর মডেল থানার পুলিশ তাহমিনার বাবা জয়নালের স্বাক্ষর নিয়ে একটি অপমৃত্যুর মামলা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। স্বজনেরা লাশ আনতে গিয়ে দেখতে পান তাহমিনার দুই পা ও দুই হাত ভাঙা। এমনকি তার গলায়ও নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জয়নাল উদ্দিন বাদী হয়ে ৪ সেপ্টেম্বর মামুনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এদিকে ঘটনার পর থেকেই মামুন পলাতক। জয়নাল অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন মামুন।
এর আগে ৩ সেপ্টেম্বর এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। সে সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ বিচারের আশ্বাস দেন। কিন্তু গত ১৫ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় আবার এলাকাবাসী গতকাল এ কর্মসূচি পালন করেন।