গৃহপরিচারিকা নিখোঁজের দেড় বছর পর গৃহকর্তা ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় এক গৃহপরিচারিকা শিশু নিখোঁজ হওয়ার দেড় বছর পর গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খালিশপুর থানা-পুলিশ গতকাল রোববার সকালে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন, মাসুদ হাসান (৪৭) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩৬)। গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল। মাসুদ খুলনা নগরের নতুন রাস্তা মোড়ের ‘মিলকি আইসক্রিম ফ্যক্টরি’র মালিক। পুলিশ ও পরিবার জানায়, নগরের মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা মাসুদ হাসান তাঁর বাসায় কাজ করার জন্য দুই বছর আগে লোহাগড়া উপজেলার মৃত অলিয়ার রহমানের মেয়ে সীমাকে নিয়ে আসেন। সীমা বাড়ি থেকে নিখোঁজ হয়েছে মর্মে ২০১১ সালের ৪ এপ্রিল তিনি খালিশপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে ওই গৃহকর্তার বিরুদ্ধে সীমাকে হত্যার অভিযোগ উঠলে তিনি ৭ আগস্ট খুলনা আদালতে সীমা, তার মা সুফিয়া বেগম (৩৭) ও এক মামার নামে চুরির অভিযোগে মামলা করেন। এর কিছুদিন পর সুফিয়া মেয়েকে পাচার ও হত্যার অভিযোগে একই আদালতে মাসুদ ও তাঁর স্ত্রীর নামে মামলা করেন। এরপর আদালত খালিশপুর থানার উপপরিদর্শক শাহ আলমকে মামলা তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান, খুলনা নগরসংলগ্ন ডুমুরিয়া উপজেলার আক্তারের মোড় এলাকা থেকে একটি মেয়ের লাশ উদ্ধার হয়। লাশের ছবি দেখে মেয়েকে চিনতে পারেন সীমার মা। তদন্তে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মাসুদ ও তাঁর স্ত্রীকে গতকাল গ্রেপ্তার করা হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে গতকালই তাঁদের আদালতে পাঠানো হয়েছে।সুফিয়া বেগম অভিযোগ করেন, তাঁর মেয়ে সীমাকে হত্যা করে খালে ফেলে দেন মাসুদ। তবে খালিশপুর থানা হাজতে থাকা অবস্থায় মাসুদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সীমাকে তিনি নিজের মেয়ের মতো দেখতেন। গত বছর সীমার এক মামা অন্য জায়গায় কাজে দেওয়ার নাম করে ওকে নিয়ে যান।