গৃহপরিচারিকা হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার
১৩ বছর বয়সী গৃহপরিচারিকা সিমা নিখোঁজের দেড় বছর পর খুলনার খালিশপুর থানার পুলিশ গতকাল রোববার সকালে বাড়ি থেকে গৃহকর্তা মাসুদ হাসান (৪৭) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে। জানা গেছে, নগরের মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা ও নতুন রাস্তার মোড়ের মিলকি আইসক্রিম কারখানার মালিক মাসুদ হাসান তাঁর বাসার কাজের জন্য দুই বছর আগে লোহাগড়া উপজেলার মৃত অলিয়ার রহমানের মেয়ে সিমাকে আনেন। মাসুদ হাসান ২০১১ সালের ৪ এপ্রিল খালিশপুর থানায় গিয়ে ৩ এপ্রিল থেকে সিমা নিখোঁজ বলে জিডি করেন। কিন্তু সিমার মা সুফিয়া বেগম (৩৭) খুলনার আদালতে তাঁর মেয়েকে হত্যার অভিযোগে মাসুদ হাসান ও তাঁর স্ত্রীর নামে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, ‘খুলনা নগরসংলগ্ন ডুমুরিয়া উপজেলার আক্তারের মোড় এলাকা থেকে একটি মেয়ের লাশ উদ্ধার হওয়ার পর সিমার মা ছবি দেখে তাঁর মেয়েকে চিনতে পারেন। এ ছাড়া আমার তদন্তে সিমাকে হত্যার বিষয়টি পরিষ্কার হওয়ায় স্বামী-স্ত্রী দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’