গৃহপরিচারিকাকে ধর্ষণের পর ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় এক কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণের পর ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। শহরে দেওভোগ পাক্কা রোড এলাকায় একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহকর্তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। নিহত সুমির বাবা শফিক শেখ সাংবাদিকদের জানান, শাহেদ আলীর ফ্ল্যাটে পাঁচ বছর ধরে সুমি গৃহপরিচারিকার কাজ করত। শাহেদ আলীর একমাত্র ছেলে সুজন (২২) এক সপ্তাহ ধরে সুমিকে কয়েক দফা ধর্ষণ করে। পরে সুজন বিষয়টি ধামাচাপা দিতে গত শুক্রবার সুমিকে জোর করে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় সুজনের পরিবার সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত কিশোরীর পরিবার দাবি করছে, এটা হত্যাকাণ্ড। নিহতের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনের পর ধর্ষণ ও হত্যা মামলা গ্রহণ করে আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।