গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ নেতার বিরুদ্ধে
গাজীপুরের কাপাসিয়ার আওয়ামী লীগ নেতার ঢাকার বাসায় গৃহপরিচারিকা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে গতকাল বৃহস্পতিবার কাপাসিয়া ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়েটি ‘তেমন কিছু হয়নি’ বলে জানিয়েছে। ওই নেতা মেয়েটিকে দিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছেন বলে এলাকাবাসীর অনেকে অভিযোগ করেন। এলাকার কেউ কেউ অভিযোগ করেন, ঢাকার মিরপুরে কাজল মোল্লার বাসায় কাপাসিয়ার এক দরিদ্র দিনমজুরের ওই মেয়ে (১৬) গৃহপরিচারিকা হিসেবে করে। এ সময়ে গৃহকর্তা তাকে ধর্ষণ করেন এবং তাঁর স্ত্রী মেয়েটির ওপর নির্যাতন চালান। মেয়েটির দুই হাত কবজি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় বাথরুমে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত ৭ জানুয়ারি রাতে কাজলের লোকজন মুমূর্ষু অবস্থায় গাড়িতে করে এনে তাকে কাপাসিয়ার বড়টেক গ্রামের আসাদুজ্জামানের বাড়ির কাছে ফেলে যায়। পরে চিৎকার শুনে ওই গ্রামের বাসিন্দারা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।এলাকাবাসী আরও জানান, কাজল মোল্লা স্থানীয় আওয়ামী লীগের নেতা। ২৬ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এখন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেয়েটির বাড়ির চারদিকে ঘোরাফেরা করেন। মেয়েটির চিকিৎসা করানো তো দূরের কথা, দরিদ্র পরিবারটির কাউকে বাইরের কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ইউপি কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে ওই কিশোরীকে হাজির করা হয়। তবে কোনো সাংবাদিকের সঙ্গে কিশোরী বা তার বাবার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য কানিজ ফাতেমা এবং কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওবায়দুল কবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কাজল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটি আমার বাসায় মাস খানেকের মতো ছিল। হাতে চর্মরোগ থাকায় চিকিৎসাপত্রসহ তাকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়। একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অপপ্রচার চালাচ্ছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ‘মেয়েটির সঙ্গে গোপনে আমার কথা হয়েছে। তার ওপর নির্যাতন করা হয়েছে বলে সে আমাকে জানিয়েছে।’ কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘কাজল মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ ওঠার পর মেয়েটির বাড়িতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু তারা কোনো অভিযোগ করেনি।’