গৃহপরিচারিকাকে পিটিয়ে চুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গৃহপরিচারিকাকে পিটিয়ে এবং মাথার চুল কেটে নির্যাতনের পর রান্নাঘরে আটকে রাখার অভিযোগে গত শুক্রবার রাতে মো. সবুজ নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজের চাচাতো বোন ফাতেহা আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা সদরের হাজিরহাট এলাকার হাজিবাড়ির নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় পুলিশ নির্যাতনের শিকার গৃহপরিচারিকা নার্গিস বেগমকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় সবুজ, ফাতেহাসহ চারজনকে অভিযুক্ত করে নার্গিস বেগম থানায় মামলা করেন।
নার্গিসের বাবা মো. খোরশেদ আলম জানান, নার্গিস দীর্ঘদিন ধরে সবুজের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন। বাসার একটি স্বর্ণের চেইন চুরির অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে সবুজ তাঁর কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে নার্গিসকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁরা নার্গিসের মাথার চুলও কেটে দেন।