গৃহপরিচারিকাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। আর নির্যাতনের শিকার হলেন গৃহপরিচারিকা। তাঁর নাম বেদেনা খাতুন (৩৫)। তিনি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন। গত শুক্রবার রাতে শরীরে জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামে।গতকাল রোববার সকালে বেদেনা খাতুন প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে তিনি তাঁর নিকটাত্মীয় ইয়াসমিন আক্তারের কুষ্টিয়া শহরের মিলপাড়ার এস খান সড়কের ১৫/১৯ নম্বর বাড়িতে কাজ করতে আসেন। ইয়াসমিন আক্তার একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাঁর স্বামী সাজেদুল ইসলাম একটি কলেজের বাংলার শিক্ষক। শিক্ষকতার কারণে দিনের বেশির ভাগ সময় তাঁরা বাইরে থাকেন। বাড়ির যাবতীয় দেখাশোনা তিনিই করেন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে ইয়াসমিন ও তাঁর স্বামী সাজেদুল বাইরে ছিলেন। এ সময় সাজেদুলের সৎ ভাই আসাদুল ইসলাম বাড়ির কিছু খড়ি নিয়ে যান। বিষয়টি পরে সাজেদুলকে জানান তিনি। শুক্রবার বিকেলে গোসলখানায় গেলে আসাদুল ও তাঁর স্ত্রী নারকেলের ডাল ও ইট দিয়ে পিঠের নিচ থেকে দুই ঊরুর মাঝে মারতে থাকেন। এতে তাঁর চোখের নিচে রক্ত জমে গেছে। সাজেদুল ইসলাম বলেন, ভাইয়ের সঙ্গে কিছুটা দ্বন্দ্ব রয়েছে। দিনের বেশির ভাগ সময় বাইরে থাকায় বেদেনা যা দেখেন, তা-ই তাঁকে বলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে সরানোর জন্যই পরিকল্পিতভাবে এমন জঘন্য কাজ করা হয়েছে। হাসপাতালের পাশের বিছানার শাহিনুর খাতুন নামের এক নারী বলেন, এমন জায়গায় মারা হয়েছে তা দেখা ও বলার মতো না। রক্ত জমে গেছে। চিকিৎসক শেখর বসু মুঠোফোনে বলেন, আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর প্রস্রাবে রক্ত পাওয়া গেছে।আসাদুল ইসলাম মুঠোফোনে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিষয়টা নিয়ে না এগোনোই ভালো।’ মিলপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোতালেব হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।