গৃহপরিচারিকার মৃত্যু স্ত্রীসহ গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লিমা আক্তার (১৪) নামের এক গৃহপরিচারিকার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার কসবা পৌর এলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহকর্তা ব্যাংক কর্মকর্তা আবদুল হাই ও তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা রিতা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমা ময়মনসিংহের ধোবাউড়ার গাইন গ্রামের সোহরাব হোসেনের মেয়ে।
গৃহকর্তার পরিবার সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আবদুল হাই ও তাঁর স্ত্রী মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিতা ইসলাম পৌর শহরের শীতলপাড়া গ্রামে তাজুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। লিমা ছয় মাস আগে তার বড় বোনের মাধ্যমে রিতার বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয়। গত মঙ্গলবার সন্ধ্যায় রিতা তার বাবার বাসায় যান। পরে রিতা বাসায় এসে দেখে, লিমা গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এ সময় পরিবারের লোকজন লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই পুলিশ লিমার লাশ থানায় নিয়ে আসে। পরে ময়মনসিংহে তার বাবা ও আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়। গতকাল বুধবার সকালে নিহত লিমার লাশ ময়নাতদন্ত শেষে পুনরায় কসবা থানায় আনা হয়।
কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তা জানা যাবে। ওই দুইজনকে কারাগারে পাঠানো হয়।