গৃহপরিচারিকার মৃত্যুর ঘটনায় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার খালিশপুর হাউজিং এলাকার এক গৃহপরিচারিকা ফাতেমার (১৮) মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ঢাকার খিলগাঁও এলাকায় গত রোববার রাতে ফাতেমার মৃত্যু হলে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে খুলনায় পৌঁছে দিয়ে পালিয়ে যান গৃহকর্তার পরিবারের সদস্যরা। ফাতেমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।ফাতেমার মা হাজেরা বেগম অভিযোগ করেন, ‘ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার বড় মেয়েরেও নির্যাতন করত। সে পলাইয়া আসার পর ওরা আমারে বোঝাইয়া ছোট মেয়েরে ঢাকা নিয়া যায়। এখন তার লাশ ফেরত দিছে।’নিহত ফাতেমার বড় বোন খাদিজা বলেন, খুলনার খালিশপুর থানা এলাকার বাসিন্দা মহানগর বিএনপির মহিলা দলের আহ্বায়ক কে এম ফরিদী তাঁর বড় ছেলে সুমনের খিলগাঁওয়ের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে পাঠান ফাতেমাকে। সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক আবদুল মতিন বলেন, ‘বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’এদিকে গত সোমবার খালিশপুরে কে এম ফরিদীর বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।