গৃহপরিচারিকাসহ বিভিন্ন স্থানে তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গত শনিবার এক গৃহপরিচারিকাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। একই দিন ফরিদপুরের বোয়ালমারী ও সিরাজগঞ্জের কামারখন্দে শিশুসহ দুইজনকে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত শুক্রবার মামলা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ফেনী সদর উপজেলার দক্ষিণ মাথিয়ারা গ্রামে আলেখা বেগম (১০) নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের বাবা ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহকর্তা আবুল হাসেম, তাঁর স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করেছে। বোয়ালমারী (ফরিদপুর): গত শনিবার বিকেলে হাঁস ধরার ঘটনায় উপজেলার নতিবদিয়া গ্রামের আলাউদ্দিন ব্যাপারীর স্ত্রী সোনাই খাতুনকে প্রতিপক্ষ হালিম মৃধার ছেলে উসমান মারধর করে। রাতে তারাবির নামাজ শেষে এ নিয়ে সালিসি বৈঠক চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে হালিম মৃধার পক্ষের মো. জালাল মৃধা (৫৫) গুরুতর আহত হন। পরদিন রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আসিফের লাশ (৭) পুলিশ গত শনিবার রাতে বাড়ি থেকে সামান্য দূরে একটি জমির মধ্য থেকে উদ্ধার করেছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল রোববার সকালে নিহতের বাবা রাজ্জাক একটি হত্যা মামলা করেছেন।চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের দুই সন্তানের জননী পারভীন বেগম (২৫) গত বুধবার মধ্য রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম গত শুক্রবার রাতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন পারভীনের স্বামী রিপন খান (৩৫), ভাশুর হামিদ খান ও হামিদ খানের স্ত্রী হাজেরা বেগম।