গৃহপালিত বিরোধী দল চায় সরকার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি নিয়ন্ত্রিত সংসদ চালাতে চায়। এ জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করে গৃহপালিত বিরোধী দল গড়তে চায় তারা।কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেন সব দল তাতে অংশ নিতে পারে।মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা বিশ্বাস করি, চলমান আন্দোলন আরও বেগবান হবে। এই আন্দোলন সফল হবেই হবে। সরকার বিএনপিকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে। নীল নকশার কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।’কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামানসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।এদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল আনা হলে সংসদের শীতকালীন অধিবেশনে বিএনপি যোগ দেবে।জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সকালে এ কর্মসূচি পালন করে জিয়া পরিষদ নামের একটি সংগঠন।বিরোধীদলীয় চিফ হুইপ রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ২৫ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন আহ্বান করেছেন। আমরা সেখানে যেতে চাই। আপনি পরিবেশ সৃষ্টি করুন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল সংসদে আনেন, আমরা অবশ্যই যাব। তবে আমাদের আশ্বস্ত করতে হবে, এই বিল উত্থাপন করা হবে।’