গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে নাজমা বেগম (২৬) নামে এক গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন তাঁকে এসিড ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে। তবে প্রতিপক্ষ দাবি করেছে, তাদের মামলায় ফাঁসানোর জন্য নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন নাজমা বেগম জানান, রাত সাড়ে ১০টার দিকে স্বামী নজরুল শরীফের সঙ্গে তিনি ঘরের বাইরে আসেন। তাঁরা ঘরে ফেরার সময় তরল জাতীয় পদার্থ তাঁর মুখে ছুড়ে মারা হয়। এ সময় নাজমার চিৎকারে নজরুল মুঠোফোনের আলোয় তাঁর প্রতিপক্ষকে দৌড়ে যেতে দেখেন। নজরুল শরীফ জানান, জমি নিয়ে স্থানীয় ফারুক মৃধার সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার প্রতিপক্ষের সঙ্গে ঝগড়াও হয়। এ ঘটনার জের ধরে এসিড ছোড়া হয়েছে বলে তিনি দাবি করেন।ফারুক মৃধা বলেন, ‘জমিজমা নিয়ে নজরুল শরীফদের সঙ্গে তাঁর বিরোধ চলছে ঠিকই, কিন্তু এসিড বা কোনো তরল দাহ্য পদার্থ নিক্ষেপের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি।’ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, নাজমা বেগমের মাথার ডান দিকে তরল দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়। এতে নামজার মুখমণ্ডলের ডান অংশের বেশ কিছুটা পুড়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নজরুল শরীফ বাদী হয়ে ফারুক মৃধার নাম উল্লেখ করে আরও তিন-চারজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।