গৃহবধূ ও তরুণ খুন যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সুমা খাতুন (২৭) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দিনাজপুরের নবাবগঞ্জে মোস্তাফিজুর রহমান (২৬) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুড়িগ্রামের উলিপুরে বাদশা মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: নগরের ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনায় জাহাঙ্গীর আলম ওরফে রাশেদ (৩৫) তাঁর স্ত্রী সুমা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ব্যবসায়ী মগরেব মিয়ার বাড়ি থেকে সুমার লাশ উদ্ধার করে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, তাঁর মুখে বালিশ চাপা দেওয়া ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাঙ্গীর পলাতক রয়েছেন। সুমা খাতুনের শ্বশুর মগরেব মিয়া বলেন, ‘আমার ছেলে জাহাঙ্গীর মাদকাসক্ত। বছর দুয়েক ধরে সে আরেকটি বিয়ে করে অন্যত্র থাকছে। চার-পাঁচ দিন পর পর প্রথম স্ত্রীর কাছে আসে। মঙ্গলবার রাত ১১টার দিকে সে নেশা করে বাড়িতে আসে। মধ্যরাতে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করে। সকাল নয়টার দিকে তাঁর ঘরে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দিই।’
এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম নজমুল আলম ওরফে নজু (২৮)। তিনি রংপুর শহরের পীরজাবাদ এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পার্বতীপুর মডেল থানার পুলিশ গত মঙ্গলবার সকালে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বান্সিরহাট এলাকার একটি ইটভাটার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
দিনাজপুর: মোস্তাফিজুর রহমান নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। মোস্তাফিজুরের স্ত্রী সম্পা বেগম জানান, মঙ্গলবার রাতে প্রতিবেশী আবদুস সাত্তারের ছেলে মারফুজুল হক ওরফে বাবু হাজি (৪০) তাঁর নতুন বাড়ি তৈরির জন্য নিয়ে আসা সিমেন্ট পাহারার দিতে মোস্তাফিজুরকে ডাকতে আসেন। মোস্তাফিজুর রাতের খাবার খেয়ে যাবেন বলে মারফুজুলকে জানান। পরে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন তিনি। সকালে প্রতিবেশীরা এসে সম্পাকে তাঁর স্বামীর লাশ পাশের তুলশীগঙ্গা নদীর ধারে পড়ে আছে বলে জানান। মোস্তাফিজুর রহমানের মা ফেন্সি বেগম বলেন, মারফুজুলই তাঁর ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে মারফুজুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। নবাবগঞ্জ থানার ওসি এস কে আবদুল্লাহ আল সাইদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
উলিপুর (কুড়িগ্রাম): এলাকাবাসী ও পুলিশ জানায়, বাদশাহ মিয়া লালমনিরহাট সদর থানার ঢাকনাই গ্রামের বাসিন্দা। তিনি দুই মাস আগে উপজেলার পাঁচপীর বাজারসংলগ্ন লালের দীঘির তৌকির আলীর মেয়ে রাশিদা বেগমকে (৩০) বিয়ে করেন। এর পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। গত বুধবার রাতে ঘরের আড়ার সঙ্গে দড়িতে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। উলিপুর থানার এসআই আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।